গোপালগঞ্জঃ জেলায় হাসিনা শিকদার নামের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের ক্ষুদ্র মেরামত ও উন্নয়ন বরাদ্দ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের ১২৭ নম্বর আমেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
আত্মসাৎ করা বরাদ্দের মধ্যে রয়েছে, (পিইডিপি-৪) ক্ষুদ্র মেরামত ২০২১-২২ অর্থবছরের ২ লাখ টাকা, ২০২২-২৩ অর্থ বছরের স্লিপের ৫০ হাজার টাকা ও খেলনা ক্রয়ের ১ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়াও পূর্ববর্তী কয়েকটি অর্থবছরের বিভিন্ন বরাদ্দকৃত টাকার সঠিক ব্যবহার নিয়েও অভিযোগ রয়েছে ওই শিক্ষকের বিরুদ্ধে।
জানা যায়, পিইডিপি-৪ এর আওতায় (ক্ষুদ্র মেরামত) ২০২১-২২ অর্থবছরের ২ লাখ টাকার নাম মাত্র কাজ করিয়েছেন। ২০২২-২৩ অর্থবছরের স্লিপের ৫০ হাজার টাকার কোনো কাজ না করে নকল বিল ভাউচ করে স্কুলে সংরক্ষণ করছেন। ক্ষুদ্র মেরামত ও স্লিপের টাকার সঠিক ব্যবহার না হলেও খেলনা ক্রয়ের ১ লাখ ৫০ হাজার টাকার বরাদ্দ দিয়ে দোলনা ও স্লিপারসহ মোট ৩টি খেলনা ক্রয় করেছেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদ্য সাবেক সভাপতি হাসিবুর রহমান (হাসিব) সাংবাদিকদের বলেন, আমি অনেক চেষ্টা করেও প্রধান শিক্ষিকা হাসিনা শিকদারকে দুর্নীতি ও অনিয়ম থেকে ফেরাতে পারিনি। আমার স্বাক্ষর জাল করে নকল বিল ভাউচার বানিয়ে বিদ্যালয়ের বরাদ্দ আত্মসাৎ করেছেন। শিক্ষা কর্মকর্তাদের শরণাপন্ন হয়েও ন্যায়বিচার পাইনি। একপর্যায়ে গিয়ে আমি নিরুপায় হয়ে আত্মসম্মান বাঁচাতে নিজেকে গুটিয়ে ফেলি।
উন্নয়ন বরাদ্দ আত্মসাৎ করার অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক হাসিনা শিকদার বলেন, এখন আমার কাছে শুধু ২০২২-২৩ অর্থবছরের স্লিপের টাকা গচ্ছিত আছে, বৃষ্টির কারণে রঙ করাতে পারছি না। আমি ভালো কাজ করি তাই সবাই আমার নামে অপপ্রচার চালায়। তবে অর্থবছর শেষ হয়ে কয়েকমাস পার হলেও কোন নিয়মে সরকারি অর্থ নিজের কাছে রেখেছেন, তার সঠিক উত্তর দিতে পারেনি ওই প্রধান শিক্ষক।
এ বিষয়ে নতউন যোগদানকৃত উপজেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র বালা বলেন, আমি পর্যায়ক্রমে উপজেলার সকল স্কুল ভিজিট করবো, অনিয়ম পেলে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। এই শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
