চট্টগ্রামঃ জেলায় ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী তরুণকে হত্যার ঘটনায় তিন কিশোরসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার নগরের বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার।
গ্রেপ্তারকৃতরা হলেন—হাবীব হোসেন মুন্না (১৯), রাকিব হাসান (১৯), মো. সজীব (২৫) ও মো. হৃদয় (২১)। গ্রেপ্তার বাকি তিনজন ১৬ বছরের কিশোর বলে জানায় পুলিশ।
নিহত তরুণের নাম—আব্দুর রহমান ওরফে সুজন (১৯)। তিনি নগরীর মোস্তফা হাকিম কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা বলছে, তিন মাস আগে সুজনের বাবা মারা যাওয়ার পর পরিবারের সকল সদস্য চট্টগ্রাম ছেড়ে নোয়াখালী গ্রামের বাড়িতে চলে যায়। সম্প্রতি অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা দিতে সুজন চট্টগ্রামে আসেন। আজ রোববার বিকেলে তাঁর মরদেহ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
খুলশী থানার ওসি রুবেল হাওলাদার বলেন, ‘গত শুক্রবার সন্ধ্যায় নগরীর আমবাগান ক্যানটিন গেট পাকা রাস্তার ওপর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রহমান ওরফে সুজন ও তাঁর বন্ধু রাশেদুল আলম ইমনের সঙ্গে আসামিদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনকে ছুরিকাঘাত করা হয়। পরে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন। আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে রোববার পুলিশের হাতে গ্রেপ্তার ৭ আসামিসহ ১২ জনের নামে একটি হত্যা মামলা করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
