এইমাত্র পাওয়া

এইচএসসি: মোবাইলে উত্তর পাঠাচ্ছিলেন দুই কোচিং শিক্ষক

মুন্সিগঞ্জঃ জেলার শ্রীনগরে হলে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দিচ্ছিলেন শিক্ষার্থী। আর বাইরে থেকে সে মোবাইলে প্রশ্নের সমাধান দিচ্ছিলেন দুই কোচিং শিক্ষক। এ ঘটনায় ওই দুই কোচিং শিক্ষককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটনা ঘটে। এ ঘটনায় মো. শাহিত নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তিনি শ্রীনগর সরকারি কলেজের ছাত্র।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বহিষ্কৃত পরীক্ষার্থী শাহিত স্থানীয় ইনসেপশন কোচিং সেন্টারের ছাত্র ছিলেন। সকালে পাইলট উচ্চ বিদ্যালয়ে হলে ব্যবসায় সংগঠন পরীক্ষা চলছিল। পরীক্ষারত অবস্থায় শাহিতের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পর্যবেক্ষক শিক্ষক শিমু আক্তার তার পেছনে গিয়ে দাঁড়ান। এসময় তার উত্তরপত্রের নিচ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হলে দেখা যায়, ফোনে এমসিকিউ প্রশ্নের সমাধান আসছে। এ ঘটনায় তার দেওয়া তথ্যে বাইরে থেকে প্রশ্ন সমাধান করে পাঠানোর অপরাধে ইনসেপশন কোচিং সেন্টারের দুই শিক্ষককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের দুজনকে অর্থদণ্ড করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ বলেন, পরীক্ষার হলে অবৈধভাবে সহযোগিতার অভিযোগে দুটি মামলায় দুজনকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে তারাও একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র সে বিবেচনা কারাদণ্ড দেওয়া হয়নি। ইনসেপশন কোচিং সেন্টারটি বন্ধের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.