এইমাত্র পাওয়া

৭৫ প্রধান শিক্ষককে ২য় শ্রেণির গেজেটেড পদ দেওয়ার নির্দেশ

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ৩৬তম বিসিএসের নন-ক্যাডার প্রাথমিক প্রধান শিক্ষক পদে ৭৫ জনকে দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ সম্প্রতি এ রায় দেন।

গতকাল মঙ্গলবার রিটের পক্ষে শুনানি করা অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী ছিদ্দিক উল্লাহ বলেন, বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের পিএসসি বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ প্রদান করে। ২০১০ সাল থেকে প্রথম শ্রেণির গেজেটেড নন-ক্যাডার পদে পিএসসি সুপারিশের মাধ্যমে নিয়োগ প্রদান শুরু করে। এরই ধারাবাহিকতায় ২০১৪ সালে ২০১০ সালের নন-ক্যাডার নিয়োগ বিধিমালা আংশিক সংশোধন করে দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদগুলো পিএসসির আওতায় আনা হয়। এ বিধিমালার আলোকে ২০১৭ সালে ৩৬তম বিসিএসে ৩৩০৮ জনকে নন-ক্যাডারের বিভিন্ন বিভাগে দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদ ১০ম গ্রেডে নিয়োগ প্রদানের জন্য পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সুপারিশ প্রদান করে। কিন্তু বর্তমান রিট পিটিশনারদের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে যা নন-গেজেটেড এবং ১২তম গ্রেডের পদে সুপারিশের মাধ্যমে নিয়োগ প্রদান করে পিএসসি।

ছিদ্দিক উল্লাহ আরও বলেন, নন-ক্যাডার বিধিমালার আলোকে পিএসসি কেবল দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদগুলোই সুপারিশ করতে পারে। কিন্তু রিটকারীদের ব্যাপারে এ বিধিমালা অনুসরণ করা হয়নি। একই সঙ্গে নিয়োগপ্রাপ্ত অন্য দপ্তরের পদগুলো দ্বিতীয় শ্রেণির গেজেটেড ১০ম গ্রেডভুক্ত। যা রিটকারীদের প্রতি সম্পূর্ণ বৈষম্যমূলক এবং সংবিধানের ২৭ ও ২৯ অনুচ্ছেদের লঙ্ঘন। এ কারণে বৈষম্যের শিকার হওয়া ৭৫ জন ২০১৯ সালে হাইকোর্টে রিট করেন।

তিনি আরও জানান, কুড়িগ্রামের মাহবুবুল আলম, জামালপুরের মিজানুর রহমান, কুষ্টিয়ার জাকিরুল ইসলামসহ বিভিন্ন জেলার ৭৫ জন প্রধান শিক্ষক এ রিট করেন। রিটের শুনানি নিয়ে ২০১৯ সালেই রুল জারি করেন হাইকোর্ট। সেই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্ট ৩৬তম বিসিএসের নন-ক্যাডার প্রাথমিক প্রধান শিক্ষক পদে ৭৫ জনকে দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদ প্রদানের নির্দেশ দেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.