ঢাকাঃ বিয়ে করছেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক। কনে একই প্রতিষ্ঠানের ইংরেজির শিক্ষক মুনজেরিন শহীদ। আগামী ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার সেনাকুঞ্জে হলরুমে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন এ জুটি। অনেকটা ঘরোয়া পরিবেশে হবে বিয়ে। পরিবার, আত্মীয়-স্বজন ও টেন মিনিট স্কুলের শিক্ষক-কর্মকর্তারাই মূলত আমন্ত্রণ পাচ্ছেন অনুষ্ঠানে। দীর্ঘদিন সম্পর্কে থাকা এ জুটি বিয়ে নিয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখতে চাইছেন।
আমন্ত্রিত বন্ধু-ঘনিষ্ঠজনদের নিয়ে ফেসবুক ম্যাসেঞ্জারে একটি চ্যাট গ্রুপ খুলেছেন ‘বর-কনে’। তাতে কঠোর নির্দেশনা-কোনোভাবেই ২৩ তারিখের আগে বিয়ের খবর বাইরে জানানো যাবে না। তবুও তা জানাজানি হয়েছে। ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও। তরুণ প্রজন্মের গণ্ডি ছাড়িয়ে সব মহলে জনপ্রিয় আয়মান-মুনজেরিন। তাদের বিয়ের পিঁড়িতে বসার খবর ছড়িয়ে পড়বে না তা কী হয়?
বুধবার (১৩ সেপ্টেম্বর) কথা হয় টেন মিনিট স্কুলের একজন শিক্ষক ও আয়মান-মুনজেরিনের ঘনিষ্ঠ এক বন্ধুর সঙ্গে। নাম অপ্রকাশিত রাখার শর্তে তিনি বলেন, ‘হ্যাঁ, খবর তো সত্য। তবে বলতে বারণ। এটা সারপ্রাইজড হয়ে থাক না ভাই।’
জোরাজুরি করলে একপর্যায়ে তিনি কিছুটা বিস্তারিত জানান। বলেন, ‘আমরা দাওয়াত পেয়েছি। ২৩ তারিখ (সেপ্টেম্বর) সেনাকুঞ্জের হলরুমে বিয়ের অনুষ্ঠান। হয়তো ছোট পরিসরে অনুষ্ঠানটা সারতে চাইছেন তারা। আমন্ত্রিতদের নিয়ে একটা ফেসবুক গ্রুপ খুলেছেন আয়মান-মুনজেরিন। সেখানে তারা খুব করে অনুরোধ জানিয়েছেন- বিষয়টি যেন জানাজানি না হয়। সাইপ্রাইজড হয়ে থাক। আমরাও সেটাই চাইছিলাম।’
এদিকে, তাদের বিয়ের একটি কার্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই কার্ডে দেখা গেছে, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তায়েবুর রহমান ও শারমিন আক্তারের ছেলে আয়মান সাদিক এবং শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের মেয়ে মুনজেরিন শহীদের বিবাহোত্তর সংবর্ধনার কথা লেখা রয়েছে। অনুষ্ঠান সন্ধ্যা ৭টায়। স্থান সেনাকুঞ্জের হলরুম।
আয়মান সাদিকের জন্ম কুমিল্লায়। ২০১৫ সালে ‘টেন মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ছাত্র ছিলেন তিনি। মুনজেরিন শহীদের জন্ম চট্টগ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন তিনি। বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তি নিয়ে ইংরেজিতে দ্বিতীয় স্নাতকোত্তর করছেন তিনি।
তবে এ বিষয়ে জানতে আয়মান সাদিকের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকার কল করা হলেও পাওয়া যায়নি। নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। মুনজেরিন শহীদের ব্যবহৃত নম্বরটিও বন্ধ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
