এইমাত্র পাওয়া

পড়া না পারায় শিশু শিক্ষার্থীকে বাথরুমে আটকে নির্যাতন

ময়মনসিংহঃ পড়া না পারায় ময়মনসিংহের ত্রিশালে এক শিশু শিক্ষার্থীকে বাথরুমে আটকে রেখে লাঠি দিয়ে বেদম প্রহারের অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে। উপজেলার মাদরাসাতুল আমান লি-তাহসীনিল কুরআন মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ওই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে তার পরিবার। শিশুটির বাবা থানায় অভিযোগ করেছেন।

শিশুটির বাবা হিমেল তরফদার জানান, আমার মেয়ে তুবা (৬) ওই মাদ্রাসার নুরানী বিভাগে পড়ছে। আমি প্রতিদিন সকালে তাকে দিয়ে আসি, রাতে আবার নিয়ে আসতাম। সোমবার রাতে মাদ্রাসা থেকে মেয়েকে নিয়ে আসতে গেলে দেখি সে জ্বরসহ অচেতন অবস্থায় রয়েছে। বাড়িতে এনে জানতে চাইলে সে বলে, তাকে দড়ি দিয়ে হাত বেঁধে বাথরুমে আটকে রেখে লাঠি দিয়ে বেদম প্রহার করেছে শিক্ষক শহিদুল ইসলাম। সে ভয়ে আর কিছুই বলছিল না। পরে বৃহস্পতিবার মাদ্রাসার পরিচালক আমানুল্লাহর কাছে গেলে তিনি আমায় অপমান করেন। একপর্যায়ে শিক্ষার্থীদের ডেকে এনে আমাকে আটকে রাখেন। তখন আমি ৯৯৯-এ কল করলে পুলিশ এসে উদ্ধার করে। মেয়ের শরীরে প্রহারের চিহ্ন রয়েছে। মারধরের ফলে তার জ্বর আসে। বর্তমানে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

জানতে চাইলে শিশু তাকিয়া মাবরুকা তুবা বলে, আমি একটা পড়া পাড়িনি বলে শহিদুল হুজুর আমাকে মারে। পরে দড়ি দিয়ে বেঁধে আমাকে বাথরুমে আটকে বাতি বন্ধ করে রাখে। আমি অনেক ভয় পাই। কান্নাকাটি করে বমি করে দেই। পরে হুজুর আমাকে বাথরুম থেকে ক্লাসে নিয়ে যায়। হুজুর আব্বু ও আম্মুকে এসব কথা বলতে বারণ করে দেয়। বললে আবার আমাকে মারবে।

এ বিষয়ে মাদ্রাসা শিক্ষক শহিদুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। আমি বাচ্চাটাকে পড়াশোনার জন্য শাসন করেছি। বেত দিয়ে কয়েকটি আঘাত করেছি। এছাড়া আমি কোনো নির্যাতন করিনি। মাদ্রাসার পরিচালক আমানুল্লাহ বলেন, শিশুটির বাবা যেসব অভিযোগ করেছেন তার সবক’টি সত্য নয়। আমাদের কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে। এখানে এমন কোনো ঘটনা ঘটেনি। তবে, শিক্ষক শহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.