শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় পাস করা ২৬ হাজার চাকরিপ্রার্থীর মৌখিক পরীক্ষা চলতি মাসের শেষে নেয়া হতে পারে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এই পরীক্ষা নেয়ার আগে যেসব প্রস্তুতি নেয়া প্রয়োজন, সেই প্রস্তুতির কাজ চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে মৌখিক পরীক্ষা শুরু হতে পারে।
গত ৩০ আগস্ট রাতে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ২৬ হাজার ২৪২ জন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ের ২ হাজার ১০১ জন, স্কুল ও সমপর্যায়ের ১৯ হাজার ৯৫ জন এবং কলেজ ও সমপর্যায়ের ৫ হাজার ৪৬ জন।
এ বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান গণমাধ্যমকে বলেন, ‘মৌখিক পরীক্ষা শুরুর আগে আমাদের নানা প্রস্তুতি নিতে হয়। যেমন পরীক্ষা নেয়ার বোর্ড ঠিক করা, বোর্ডে কে কে থাকবেন, সেটি ঠিক করা, পরীক্ষার কেন্দ্র ঠিক করা—এসব কাজ। এগুলো এগিয়ে নেয়ার কাজ চলছে। সব কিছু ঠিক থাকলে ২৪ বা ২৫ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা শুরু করার ইচ্ছা আছে।’
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ব্যবস্থাপনায় সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল-২ ও স্কুল পর্যায়ের ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষা গত ৫ মে এবং কলেজ পর্যায়ের ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষা ৬ মে অনুষ্ঠিত হয়।
স্কুল-২ পর্যায়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৫ হাজার ৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন এবং কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জনসহ মোট ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪ হাজার ৮২৫ জন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
