শিক্ষার্থী না বাড়িয়ে গবেষণায় মন দিতে পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থী ও বিভাগের সংখ্যা না বাড়িয়ে গবেষণায় মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মুহাম্মদ আলমগীর।

শুক্রবার সকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিহির রঞ্জন হালদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবু নঈম শেখ ও কুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক সোবহান মিয়া।

অধ্যাপক মুহাম্মদ আলমগীর বলেন, ‘সব বিশ্ববিদ্যালয়ে স্নাতক তথা সম্মান ডিগ্রিকে শেষ ডিগ্রি হিসেবে গণ্য করা উচিত। একইসঙ্গে স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমিয়ে গবেষণায় বেশি নজর দিতে হবে। অন্যথায়, বিশ্ববিদ্যালয়গুলো কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে পিছিয়ে যাবে। প্রকৌশল শিক্ষায় স্নাতক পর্যায়ে ৪০ জন এবং সামাজিক বিজ্ঞান ও মানবিক বিভাগে ৬০ জন শিক্ষার্থী ভর্তির পরামর্শ দেন তিনি।’

ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনে স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করতে পারে। এই বৃত্তির অর্থের পরিমাণ এমন হতে হবে, যাতে একজন শিক্ষার্থী বর্তমান বাজার পরিস্থিতিতে স্বাচ্ছন্দে জীবন যাপন করতে পারে। এছাড়া, স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঋণের ব্যবস্থাও করতে পারে।’

মুহাম্মদ আলমগীর বলেন, ‘শিক্ষার্থী ও বিভাগের সংখ্যা দিয়ে কোনো বিশ্ববদ্যিালয়ের গুণগতমান পরিমাপ করা যায় না। সংখ্যা না বাড়িয়ে কীভাবে শিক্ষা ও গবেষণায় মান অর্জন করা যায় সেদিকে আমাদের বেশি নজর দিতে হবে।’

নতুন বিভাগ খোলার বিষয়ে অধ্যাপক আলমগীর বলেন, ‘বাজারে চাহিদা ও চাকরির সুযোগ আছে, এমন বিভাগ খোলার দিকে দৃষ্টি দিতে হবে। বিভাগ খোলার সময় প্রয়োজনীয় জনবল ও অবকাঠামো আছে কিনা এসব বিষয়ে দেখতে হবে। বিভাগ খুলে জনবল ও অবকাঠামো সংকটের কথা বলা যাবে না।’

সভায় উপাচার্য ড. মিহির রঞ্জন হালদার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে এবং প্রকৌশল শিক্ষায় কুয়েটকে শীর্ষ স্থান অর্জন করতে হবে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.