চট্টগ্রামঃ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের পর ফল পাল্টেছে এক হাজার ৮০ পরীক্ষার্থীর। যাদের মধ্যে আগে ফেল আসলেও পুনর্মূল্যায়নের পর পাস করেছেন ১৩০ জন।
পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ জানান, এবছর ২৬ হাজার ৬২২ জন শিক্ষার্থী ৭১ হাজার ১০৮টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। যাদের মধ্যে এক হাজার ৮০ জনের ফল পাল্টেছে। আর গ্রেড পরিবর্তন হয়ে নতুন করে জিপিএ-৫ পেয়েছে আরও ১৬২ হন।
চট্টগ্রাম বোর্ডের তথ্যানুসারে, আবেদনকারীদের মধ্যে ৩৫৯ জনের গ্রেড পয়েন্ট বাড়লেও মোট সিজিপিএ বাড়েনি। আর অকৃতকার্য ৩০৫ জনের পরীক্ষার নম্বর বেড়েছে।
গত ২৮ জুলাই সারাদেশে এক যোগে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়। এরমধ্যে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭৮ দশমিক ২৯ শতাংশ। যা গতবারের তুলনায় প্রায় ১০ শতাংশ পয়েন্ট কম।
প্রত্যাশিত ফল না পেয়ে ২৬ হাজারের বেশি শিক্ষার্থী তাদের পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিল।
পরীক্ষার নম্বরে সন্তুষ্ট না হলে শিক্ষার্থীরা তাদের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারেন। গত ২৯ জুলাই থেকে ৪ অগাস্ট পর্যন্ত আবেদনের সময় ছিল। এসময়ে মধ্যে শিক্ষার্থীরা নির্ধারিত ফি জমা দিয়ে টেলিটক মোবাইলে এসএমএসর মাধ্যমে এ আবেদন করেছে।
এ বছর চট্টগ্রাম বোর্ডে উত্তরপত্র পুনর্মূল্যায়নের সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে সাধারণ গণিতে ১০ হাজার ৫১৯টি। এরপর ইংরেজি প্রথম পত্রে আট হাজার ৭৬১ ও দ্বিতীয় পত্রে আট হাজার ৪৮৬টি আবেদন জমা পড়ে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে পাওয়া তথ্যে দেখা যায়, উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য বাংলা প্রথম পত্রে চার হাজার ৮৯১, দ্বিতীয় পত্রে চার হাজার ৭১১টি করে আবেদন জমা পড়েছে।
এছাড়া, বিজ্ঞান বিভাগের বিষয়গুলোর মধ্যে পদার্থ বিদ্যায় তিন হাজার ৬০০, রসায়নে তিন হাজার ২৯৫ ও জীব বিজ্ঞানে তিন হাজার ৬২১ জন আবেদন করেছেন।
ব্যবসায় শিক্ষা শাখার বিষয়গুলোর মধ্যে হিসাব বিজ্ঞানে এক হাজার ৭৮৪, ব্যবসায় উদ্যোগে এক হাজার ২৮২, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে এক হাজার ৪৪টি আবেদন জমা পড়েছে।
এদিকে সাধারণ বিজ্ঞানে দুই হাজার ২১৯, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতিতে চার হাজার ৯৩৪, ভূগোলে ৪৭০, কৃষি শিক্ষায় ৮৯৭, পৌরনীতিতে ৩৪৫, অর্থনীতিতে ৮৯, গার্হস্থ্য বিজ্ঞানে ২৫৯, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতায় ৩৯৩ আইসিটি’তে ৭৯১টি উত্তর পত্র মূল্যায়নের আবেদন করেছে শিক্ষার্থীরা।
ইসলাম ধর্মে চার হাজার ২৭১, হিন্দু ধর্মে ৭৬১, বৌদ্ধ ধর্মে ১২৬, খ্রিষ্টান ধর্মে আটটি করে উত্তরপত্র মূল্যায়নের আবেদন করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
