নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীনদের ক্লাস শুরু ৫ সেপ্টেম্বর

এস এম মোজতাহীদ প্লাবন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান ও ক্লাস শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৫ তারিখে (মঙ্গলবার)। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতকে (সম্মান) ভর্তিকৃত শিক্ষার্থীদের আগামী ৫ সেপ্টেম্বর ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির জানান, ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও বিজ্ঞান কল্পকাহিনী লেখক, পদার্থবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল এবং ওরিয়েন্টেশন বক্তা হিসেবে থাকবেন একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ক্র্যাক প্লাটুনের গেরিলা মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ।
বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের তারিখ জানার পরই উচ্ছ্বসিত নবীন শিক্ষার্থীরা। ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের ভর্তিকৃত নবীন শিক্ষার্থী ফাওজিয়া তাবাসসুম ঐশী বলেন, “ওরিয়েন্টেশন নিয়ে আমি খুবই এক্সাইটেড। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম পথচলা আনুষ্ঠানিক ভাবে শুরু হবে। আমার নজরুল বিশ্ববিদ্যালয়ের খ্যাতি ও সুনাম সম্পর্কে সবাই অবগত। নিজেকে বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে পেয়ে আমি এবং আমার পরিবার গর্ববোধ করছি। আমি ও আমার প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”

উল্লেখ্য, ২০২২-২৩ শিক্ষাবর্ষে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছয়টি অনুষদের অধীনে ২৪টি বিভাগে ১ হাজার ৮০ আসনে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। যার মধ্যে ‘এ’ ইউনিটে ১৬০, ‘বি’ ইউনিটে ৭০০ এবং ‘সি’ ইউনিটের অধীনে রয়েছে ২২০টি আসন। এরই মধ্যে সাধারণ ও কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ২১ ও ২২ আগস্ট চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৮/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.