নোয়াখালীঃ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পাঁচ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, গত ৯ আগস্টে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভার সিদ্ধান্তক্রমে সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের টার্ম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে বিভিন্ন বিভাগের তিনজনকে ৬ মাসের জন্য এবং দুজনকে ১ বছরের জন্য বহিষ্কারসহ সংশ্লিষ্ট সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে।
পরীক্ষা চলাকালীন উত্তরপত্র পরীক্ষার হল থেকে গোপনে সরিয়ে নিয়ে পরবর্তীতে ওই উত্তরপত্রে লিখে আনায় সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র ফুয়াদ আল রাফিকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
কোর্সের পরীক্ষা চলাকালীন অবৈধ কাগজপত্র সঙ্গে রাখা ও তা থেকে দেখে লেখার অপরাধে এমআইএস বিভাগের ২০১৯-২০ বর্ষের ছাত্রী ইসরাত জাহান এবং শিক্ষা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী সুবর্ণা ফেরদৌসকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া কোর্সের পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইল ফোন সঙ্গে রাখা ও তা থেকে দেখে লেখার অপরাধে আইএসএলএম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী সাবরিনা সুলতানা এবং সিএসটিই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী স্বর্ণা সাহাকে ১ বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
