রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের মাধ্যমে ভর্তি হওয়ায় এক শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। পাশাপাশি অর্থের বিনিময়ে অসদুপায়ে ভর্তি হতে সহায়তা করার দায়ে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের মাধ্যমে ভর্তি হওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হল এবং উক্ত শিক্ষার্থীকে অর্থের বিনিময়ে অসদুপায় অবলম্বনের মাধ্যমে ভর্তি হতে সহায়তাকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হল।
ওই আদেশে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থী আহসান হাবীবের ভর্তি বাতিল করা হয়েছে। এছাড়াও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকোয়ান সিদ্দিক প্রাঙ্গন, লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহিবুল মমিন সনেট ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাজু আহমেদকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত এই তিন শিক্ষার্থী ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। গত শনিবার( ১৯ আগস্ট) ছাত্রলীগ থেকেও ওই তিন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৯ মে বিজ্ঞান ইউনিটের তৃতীয় শিফটের পরীক্ষায় আহসান হাবিবের হয়ে প্রক্সি দিয়ে উত্তীর্ণ হন। প্রক্সির জন্য একটি জালিয়াত চক্রের সঙ্গে ৪ লাখ ৮০ হাজার টাকার চুক্তির ৬০ হাজার টাকা বাকি রাখায় গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসলে তাকে আটকে রাখে অভিযুক্তরা। কিন্তু আহসান টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে অপহরণ করে ওই চক্রটি তার বাবার কাছে মুঠোফোনে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় আহসান হাবীবকে মারধরও করে তারা।
পরে ওই শিক্ষার্থীর খোঁজ না পেয়ে তার মা বিশ্ববিদ্যালয় প্রশাসনের শরণাপন্ন হন। পরে প্রশাসনের সহযোগিতায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি প্রক্সির মাধ্যমে ভর্তি হয়েছেন বলে স্বীকার করেন। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তিচ্ছু ওই শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নগরীর মতিহার থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
