এইমাত্র পাওয়া

দুই শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার যা বললেন সাদ্দাম

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ সারাদেশে ছাত্রলীগের দুই শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে দল থেকে। মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করায় তাদের দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ নিয়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন জানান, যুদ্ধাপরাধীর পক্ষে সাফাই গাওয়ার ন্যূনতম সুযোগ সংগঠনে নেই।

১৪ আগস্ট হাসপাতালে মারা যান দেলাওয়ার হোসাইন সাঈদী। তার মৃত্যুতে দেশের অনেকে শোক প্রকাশ করে নানা রকম বার্তা দেয়। এ থেকে বাদ যাননি ছাত্রলীগের নেতাকর্মীরা। তারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে ইতিবাচক মন্তব্য করেন। এ নিয়ে আগস্ট চট্টগ্রামের লোহাগাড়ায় তিন নেতাকে অব্যাহতি দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় ছাত্রলীগে অব্যাহতি ও বহিষ্কার। সর্বশেষ নওগাঁয় ছাত্রলীগের ১৪ জন নেতাকর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ৩ সহসভাপতিসহ ১৫ নেতা-কর্মীকে রংপুরেও ১৪ নেতাকর্মী বহিষ্কার করা হয়।

এ ছাড়া বরিশালের উজিরপুরে ৫ জন, যশোর জেলা ছাত্রলীগের ১ জন ও গোপালগঞ্জের কাশিয়ানীর ৬ জন, চট্টগ্রামের লোহাগাড়া সাতকানিয়ায় আরও ২১ জন, চট্টগ্রামের সন্দ্বীপের ৩ জন, জামালপুরে ১৯ জন, নরসিংদীতে ৬ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭ জন, ফেনীতে ২০ জন, রংপুরে ১৪ জন, সিলেটে ১২ জন, সুনামগঞ্জে ১৫ জন, লালমনিরহাটে ১২ জন, কক্সবাজারের পূর্ব বড় ভেওলায় ৩ জন, গোপালগঞ্জের কোটালিপাড়ায় ১ জন ও কাশিয়ানীতে ৬ জন, সাতক্ষীরায় ৩ জন, পিরোজপুরের নাজিরপুরে ২ জন, পাবনায় ৭ জন, ময়মনসিংহের নান্দাইলে ৩ জন, বরিশালে ৪ জন, পটুয়াখালীতে ৩ জন, ভোলার দৌলতখানে ৪ জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬ জনকে ছাত্রলীগের পদ থেকে এখন পর্যন্ত অব্যাহতি প্রদান করা হয়েছে। এ ছাড়া নেত্রকোনার কলমাকান্দায় ১ জনকে শোকজ করা হয়েছে। এসব মিলিয়ে সারাদেশে অন্তত ২৩৭ জন ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বহিষ্কৃত সব নেতাকর্মীকে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সাদ্দাম হোসেন। তিনি বলেন, প্রয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ বৃহত্তরভাবে একটি শুদ্ধি অভিযান চালাবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৮/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.