ঠাকুরগাঁওঃ শিক্ষক সংকটে জর্জরিত হয়ে পড়েছে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট। সেই সঙ্গে আবাসনের অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। থাকা-খাওয়ার সমস্যার জন্য প্রতিষ্ঠানটি নারী শিক্ষার্থীদের আগ্রহী করতে পারছে না। বর্তমানে পড়াশোনা করা শিক্ষার্থীদের মধ্যে মাত্র ১০ শতাংশ ছাত্রী।
ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ২০০৪ সালে শহরের অদূরে গোবিন্দনগর এলাকায় ২ একর জমির ওপর স্থাপন করা হয় প্রতিষ্ঠানটি। এতে কম্পিউটার টেকনোলজি, ফুড টেকনোলজি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং টেকনোলজি, মেকাট্রনিকস টেকনোলজি ও আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি- এই পাঁচ বিভাগে ২ হাজার ২০০ শিক্ষার্থী আছেন। তাদের মধ্যে ২৫০ জন ছাত্রী।
বর্তমানে এই প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষকের পদ আছে ৮৪টি। এর মধ্যে স্থায়ী পদে কর্মরত মাত্র নয়জন। সেই সঙ্গে ৩৯ জন অস্থায়ী ও অতিথি শিক্ষক রয়েছেন। নন-টেকনিক্যাল শিক্ষক আছেন ১২ জন। স্থায়ী পদের ক্ষেত্রে কম্পিউটারে ১৪ পদের জায়গায় দুজন, ফুডে ২৮ পদের বিপরীতে দুজন, রেফ্রিজারেশনে ১৪ পদের স্থলে চারজন ও মেকাট্রনিকসে ১৪ পদের জায়গায় একজন শিক্ষক কর্মরত। আর্কিটেকচারে ১৪ পদে একজন স্থায়ী শিক্ষকও নেই।
শিক্ষার্থীরা জানান, শিক্ষক স্বল্পতার কারণে একজনকে প্রতিদিন স্বাভাবিক পাঁচটি ক্লাসের স্থলে দুই শিফটে দ্বিগুণ ক্লাস নিতে হচ্ছে। এতে পাঠদানে শিক্ষকরা যেমন মনোযোগ রাখতে পারেন না, তেমনি শিক্ষার্থীরাও মানসম্পন্ন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। সংকটের কারণে অতিথি শিক্ষক দিয়ে পরিস্থিতি সামাল দেয়া হচ্ছে। শিক্ষার্থীরা আক্ষেপ করে বলেন, প্রতিষ্ঠানের আবাসন ও পরিবহন সুবিধা না থাকায় অনেক টাকা খরচ করে মেসে থাকতে হচ্ছে। এতে তাদের লেখাপড়াও ব্যাহত হচ্ছে। মাস শেষে চলতে হিমশিম খেতে হয়।
ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাক্টর সঞ্জয় বণিক জানান, ২ একর জমির ওপর প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হলেও এখানে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য কোনো আবাসন ব্যবস্থা নেই। অধ্যক্ষের জন্য একটি বাসভবন আছে। বর্তমানে আবাসন সংকট প্রতিষ্ঠানের অন্যতম বড় সমস্যা। থাকার জায়গা না থাকায় বেশির ভাগ শিক্ষক শহরে বাসাভাড়া নিয়ে থাকেন। প্রতিষ্ঠানের আশপাশে মানসম্পন্ন বাসাবাড়ি না থাকায় শিক্ষক ও কর্মচারীরা সেখানে থাকতে পারেন না। সার্বিক বিষয়ে কথা হলে ইনস্টিটিউটের অধ্যক্ষ মাকসুদুর রহমান বলেন, আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা শিক্ষার্থীদের আবাসন ও শিক্ষকের সংকট। সীমাবদ্ধতার মধ্যেও আমরা চেষ্টা করছি, শিক্ষার্থীরা যাতে মানসম্পন্ন কারিগরি জ্ঞান অর্জন করতে পারে। তবে সবচেয়ে বেশি উদ্বেগজনক বিষয় হলো, নারী শিক্ষার্থীদের আশানুরূপভাবে ভর্তি না হওয়া। আবাসন ব্যবস্থা না থাকায় নারী শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে না।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
