নিউজ ডেস্ক।।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি শাখার মহাপরিচালক সেহেলী সাবরিন জানিয়েছেন, আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত কোনো বিদেশি পর্যবেক্ষকের আবেদন আসেনি। তবে গত ৯ থেকে ২৩ জুলাই ইউরোপিয়ান ইউনিয়নের একটি নির্বাচনী প্রাক-মূল্যায়ন প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে গেছে। এ ছাড়া আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে এ ধরনের আরেকটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে।
গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবনে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সেহেলী সাবরিন এসব তথ্য জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষককে অনুমতি দেওয়ার ক্ষেত্রে দেশের প্রচলিত আইন ও নির্বাচন কমিশনের পর্যবেক্ষণসংক্রান্ত নীতিমালা অনুসরণ করা হবে।’
ঢাকা-ওয়াশিংটনের নিরাপত্তা সংলাপ নিয়ে জানতে চাইলে সেহেলী সাবরিন বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের লক্ষ্যে প্রতিবছর সেক্টরভিত্তিক বিভিন্ন সংলাপ হয়ে থাকে। এর অংশ হিসেবে উভয় দেশের রাজধানীতে পর্যায়ক্রমে প্রতিবছর
নিরাপত্তা সংলাপ হয়। সংলাপের নবম আসর এ বছর ঢাকায় অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করছি।’
সম্প্রতি ঢাকা-ওয়াশিংটনের মধ্যে যেসব বৈঠক হয়েছে, সেগুলো নিয়মিত নাকি বিশেষ ছিল- এমন প্রশ্নের জবাবে সেহেলী সাবরিন বলেন, ‘যে কোনো দ্বিপক্ষীয় সম্পর্কে বৈঠক বা আলোচনা একটি নিয়মিত বিষয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান। যুক্তরাষ্ট্র বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ একক রপ্তানি বাজার এবং বাংলাদেশে সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ। এ ছাড়া রোহিঙ্গাদের মানবিক সহায়তার ক্ষেত্রেও তারা সবার আগে অবস্থান করছে। ফলে একটি গতিশীল দ্বিপক্ষীয় সম্পর্কের অংশ হিসেবে ঢাকা-ওয়াশিংটনের মধ্য নিয়মিতভাবে বিভিন্ন আলোচনা হয়ে থাকে। সাম্প্রতিক বৈঠক, সংলাপ কিংবা উভয় দেশের উচ্চপর্যায়ের সফর এই নিয়মিত প্রক্রিয়ারই একটি অংশ।’
ব্রহ্মপুত্র নদে চীন আটটি জলবিদ্যুৎ বাঁধ দিচ্ছে। বলা হচ্ছে, এতে আন্তর্জাতিক নদীর পানির সুষম বণ্টন হবে না। এ নিয়ে বাংলাদেশ চীনের কাছে ব্যাখ্যা চেয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ কর্মকর্তা বলেন, ‘এ বিষয়ে আমরা পর্যাপ্ত তথ্য সরবরাহের চেষ্টা করছি। পরবর্তী সময়ে কোনো তথ্য পেলে আপনাদের জানাব।’ পানি নিয়ে চীনের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখন পর্যন্ত চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়নি।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
