নিজস্ব প্রতিবেদক :
তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) অধীনে হতে পারে বলে জানা গেছে। এ ব্যাপারে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ থেকে একটি চিঠি পাঠিয়েছে পিএসসিতে।
পিএসসি সূত্র জানায়, সরকার তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের জন্য পিএসসিকে দায়িত্ব দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ থেকে একটি চিঠি পিএসসিতে পাঠিয়েছে। পিএসসি এই চিঠি নিয়ে কাজ করা শুরু করেছে। এটি বাস্তবায়ন হলে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের জন্য কোনো মন্ত্রণালয়কে আর নিয়োগের ঝামেলা পোহাতে হবে না। শুধু জনবল নিয়োগের প্রয়োজন হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় চাহিদাপত্র দেবে। চাহিদা অনুসারে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে পিএসসি সব প্রক্রিয়া সম্পন্ন করবে।
সরকারি সূত্র জানায়, সরকারি চাকরিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদে নিয়োগের লক্ষ্যে ভিন্ন ভিন্নভাবে সারা বছর নিয়োগপ্রক্রিয়া চলে। এসব নিয়োগের জন্য মন্ত্রণালয়কে একটি বড় সময় ব্যস্ত থাকতে হয়, এতে অন্যান্য কাজের গতি নষ্ট হয়। এ ছাড়া এতে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাসহ রাজনৈতিক প্রভাব বিস্তারের ঘটনা ঘটে। পছন্দের লোক নিয়োগের জন্য তদবির আসে এমনকি অর্থ লেনদেনের ঘটনাও ঘটে।
প্রকাশ না করার শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন সাবেক সচিব জানান, চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষা পিএসসি নিলে এ ধরনের ঘটনা ঘটবে না।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নেছার উদ্দিন আহমদ বলেন, চিঠি পিএসসি পেয়েছে। সেই চিঠি আলোচনার জন্য কমিশনে উঠবে। এর পর এ বিষয়ে আলোচনা হবে। আমরা এই চিঠি নিয়ে কাজ শুরু করেছি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
