এইমাত্র পাওয়া

বছরে ৩ সেমিস্টার চায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো

নিজস্ব প্রতিবেদক।।

বছরে তিনটি সেমিস্টার পরিচালনা করতে চায় দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। এ বিষয়ে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিক সমিতি (এপিইউবি)। রাজধানীর গুলশানের একটি হোটেলে গত রবিবার রাতে সমিতির এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিক সমিতির সংগঠনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অবশ্য এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদনের আছে কিনা তা পরিষ্কার নয়। কারণ ইউজিসি তিন সেমিস্টারের পরিবর্তে দুই সেমিস্টার চালানোর পক্ষে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব বিশ্ববিদ্যালয়ে দুই সেমিস্টার পরিচালিত হচ্ছে সেসব বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার পরিচালনার বিষয়ে সমাধানে আসতে গঠন করা হবে কারিগরি কমিটি। রবিবারের সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শেখ কবির হোসেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আনিস আহমেদ।

এ সময় সহসভাপতি অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী ও অধ্যাপক শফিক সিদ্দীক, যুগ্ম মহাসচিব ইশতিয়াক আবেদীন, কোষাধ্যক্ষ কেবিএম মঈন উদ্দিন চিশতী, কার্যকরী সদস্য পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুও বক্তব্য দেন। সভায় নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ইউল্যাব, এশিয়া প্যাসেফিক ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভিার্সিটিসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ও সদস্যরা তাদের মতামত তুলে ধরেন।

সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আইন সংশোধন করে সদস্য বাড়ানোর ব্যাপারে সরকার ও ইউজিসিকে প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বলা হয়, সরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় দুই-তৃতীয়াংশ। অথচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইউজিসিতে প্রতিনিধিত্ব করার সুযোগ নেই। ফলে অনেক সমস্যার সমাধান করা সম্ভব হয় না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.