জ্ঞানের মুদ্রা হলো গবেষণা: বশেফমুবিপ্রবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) বিভিন্ন অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষক-গবেষকবৃন্দের বৈজ্ঞানিক গবেষণাপত্র নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের উদ্যোগে একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। ২০২২-২৩ অর্থবছরের গবেষণা অগ্রগতি বিষয়ক সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সারাদিনব্যাপী সেমিনারে আলোচ্য অর্থবছরে শিক্ষকবৃন্দ কর্তৃক বিভিন্ন প্রকল্পের আওতাভুক্ত গৃহীত গবেষণাকর্মের গবেষণাপত্রসমূহ নিয়ে প্রেজেন্টেশন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জ্ঞানের মুদ্রা হলো গবেষণা। তাই প্রতিটি বিষয়ের ক্ষেত্রে গবেষণা খুবই গুরুত্বপূর্ণ। গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি হয় এবং তা জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে গবেষকদের নিত্যনতুন গবেষণাকর্ম চালিয়ে যেতে হবে। আর এসব গবেষণাপত্র মানসম্মত জার্নালে প্রকাশ করতে হবে। কোনো মতেই প্রিডেটরি জার্নালে গবেষণাপত্র প্রকাশ করা ঠিক হবে না।

তিনি আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিকে দেশের সাধারণ জনগণের জীবনের মানোন্নয়নে নিয়োজিত করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তার এই ভিশন বাস্তবায়নে আমাদের নিজ নিজ জায়গা থেকে এ দায়িত্ব পালন করতে হবে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রূপে গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরেন প্রফেসর ড. মো. কামরুল আলম খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন বক্তৃতা করেন। গবেষণা সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মাহমুদুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সেলের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) রুনা আক্তার জ্যোতি। উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকেরা তাদের গবেষণাপত্রের উপর প্রেজেন্টেশন প্রদান করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.