নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচিতে থাকা বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা বলেছেন, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ৫ মিনিট সাক্ষাতের সুযোগ চান। এই সুযোগ না দেওয়া হলে তারা রাজপথ ছাড়বেন না।
এদিকেমাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষকদের স্কুলে উপস্থিত থাকার নির্দেশ দিলেও মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ১০ম দিনের (২০ জুলাই) মতো লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবিতে গত বুধবার (১১ জুলাই) থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছেন বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার (১৯ জুলাই) অবস্থান কর্মসূচির নবম দিনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) নেতাদের। বৈঠকে দীপু মনি তাদের জানিয়েছেন, নির্বাচনের আগে জাতীয়করণ সম্ভব হবে না। এ সময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে দুটি কমিটি গঠনের কথা জানান তিনি।

কিন্তু এই আশ্বাস মানতে রাজি নন বিটিএ’র নেতাকর্মীরা। তারা বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঘোষণা করেন— প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অন্তত ৫ মিনিট সাক্ষাতের সুযোগ না দেওয়া হলে তারা রাজপথ ছাড়বেন না। প্রয়োজনে ঝড়-বৃষ্টি, পুলিশের আঘাত সবকিছুই তারা মেনে নিতে রাজি আছেন। বিটিএ’র সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ এ তথ্য জানান।
তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘শিক্ষামন্ত্রী আমাদের ডেকে নেওয়ার পরের দাবিগুলো শুনেন। সেখানে আরও শিক্ষক সংগঠনের নেতাকর্মীরা ছিলেন। তারা কিছু বলেননি। কিন্তু স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতারা বলেছেন, এখানে আমরা যারা আন্দোলন করছি, তারা নাকি স্বাধীনতার বিপক্ষের লোক। আমরা আজকের অবস্থান কর্মসূচি থেকে তাদের ধিক্কার জানাই।’

তিনি আরও বলেন, ‘আমাদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতক্ষণ না পর্যন্ত ৫ মিনিট সময় দেবেন, ততক্ষণ আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাবো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অভিভাবক। আপনি যতদিন আমাদের এই রাজপথে রাখবেন, আমরা ততদিন এই রাজপথে থাকবো। আপনি পাঁচ মিনিট সময় না দেওয়া পর্যন্ত যদি আমাদের রক্ত ঝরে, তবুও আমরা রাজপথ থেকে যাবো না।’
শিক্ষকরা বলছেন, তারা শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে জাতীয়করণের দাবি নিয়ে রাজপথে অবস্থান করছেন। কোনো নোটিশে তারা ফিরে যাবেন না। জাতীয়করণের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা রাজপথেই থাকবেন।
বিটিএর সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ বলেন, আমরা শিক্ষামন্ত্রীর বক্তব্যে সন্তুষ্ট হতে পারিনি। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের এক দফা ঘোষণা আশা করছি। প্রধানমন্ত্রীর সঙ্গে ৫টা মিনিট বসতে চাই।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৭/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল

