এইমাত্র পাওয়া

৫ শতাংশ প্রণোদোনা এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারী কেন পাবেন না?

বাসুদেব কুমার পালঃ  শিক্ষাকে বলা হয় জাতির মেরুদণ্ড আর শিক্ষককে বলা হয় জাতি গঠনের কারিগর । কিন্তু এ জাতিকে যাঁরা গড়ে দিচ্ছেন তাদের কথা জাতি কতটুকু ভাবছে তা ভেবে শিক্ষক হিসেবে বড় কষ্ট হয় । একজন শিক্ষক পরম মমতায় সন্তানতুল্য স্নেহ দিয়ে যে ছাত্রকে তিলে তিলে গড়ে তোলেন , সে ছাত্র যখন কর্মজীবনে প্রবেশ করে তখন কতজন ছাত্র তার শিক্ষকের কথা , শিক্ষকের সংগ্রামমুখর যাপিত জীবনের কথা মনে রাখে তা ও আজ প্রশ্নবিদ্ধ ।

শিক্ষাপ্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে যাঁরা কর্মরত তাঁরা কোন না কোন শিক্ষকের সান্নিধ্যে জ্ঞানার্জন করেছেন । অথচ শিক্ষকদের বিষয় নিয়ে ভাবনায় তারা সবাই কেমন যেন নির্বিকার –অনুভূতিহীন । সম্প্রতি এই অনুভূতিহীনতা যেন আরো বেশি প্রকট । তাইতো সংবাদপত্রে চোখে পড়ে শিক্ষক নির্যাতনের খবর- কোথাও কানধরে ওঠা-বসা করানোর খবর আর কোথাও বা জুতার মালা পরনোর খবর , আবার কখনো শিক্ষকদের নিরাশ করা খবর ।

অতি সম্প্রতি একটি খবর শিক্ষকদের মারাত্মকভাবে আশাহত করেছে । পাঁচ শতাংশ প্রণোদোনা পাবেন শুধুমাত্র সরকারি চাকরিজীবিরা , এমপিওভুক্ত শিক্ষকবৃন্দ এ সুবিধার অন্তর্ভূক্ত নন । অথচ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিদের এ সুবিধা সবচেয়ে বেশি প্রয়োজন । কারণ তারা টিফিন ভাতা , সন্তানদের শিক্ষাসহায়ক ভাতা , যাতায়াত ভাতা , ভ্রমন ভাতা , শ্রান্তিবিনোদন ভাতা পাননা । নাম মাত্র বাড়ি ভাড়া (১০০০টাকা) ও চিকিৎসা ভাতা (৫০০টাকা) পান । একজন শিক্ষক যিনি এনটিআরসি এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে বাড়ি থেকে ৪০০-৫০০ কিমি দূরবর্তী প্রতিষ্ঠানে বারোহাজার পাঁচশ’ টাকায় শিক্ষকতা করেন শুধুমাত্র তিনি বুঝতে পারেন পরিবার পরিজনের অভাব মিটিয়ে দ্রব্যমূল্যের এই ঊর্দ্ধগতির সময়ে জীবন যাপন কতটা কঠিন ! কাজেই তাদের প্রণোদনার অন্তর্ভূক্ত করা একান্ত প্রয়োজন ।

ইতিপূর্বে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে যতবার মহার্ঘ্যভাতা প্রদান করা হয়েছে , এমপিওভূক্ত শিক্ষকগণ কখনো বাদ পড়েননি । প্রতিবার পে স্কেলের ক্ষেত্রেও এমপিওভূক্ত শিক্ষকগণ অন্তর্ভূক্ত থাকেন । এবারও তাদের প্রণোদনার অন্তর্ভূক্ত করা প্রয়োজন নতুবা এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারিগণ চরম অবিচার ও অমানবিকতার স্বীকার হবেন ।

লেখকঃ  প্রধান শিক্ষক, আমড়াতলা চাঁপড়া মাধ্যমিক বিদ্যালয়, মোংলা, বাগেরহাট।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.