এইমাত্র পাওয়া

বিশ্বসেরাদের তালিকায় পবিপ্রবি’র ১১৭ গবেষক

মোঃ রিয়াজুল ইসলাম, জেলা প্রতিবেদক, পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিভিন্ন বিভাগের শিক্ষকসহ মোট ১১৭জন গবেষক বিশ্বসেরাদের তালিকায় স্থান পেয়েছেন।

সম্প্রতি প্রকাশিত অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সে প্রকাশিত র‌্যাংকিং থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তালিকায় পবিপ্রবি’র গবেষকদের মধ্যে ১ম স্থান এবং বাংলাদেশে ১৮তম হয়েছেন কৃষি অনুষদের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সাইফুল ইসলাম। এছাড়া শিক্ষক এম শামসুজ্জামান পবিপ্রবি থেকে ২য় স্থানে এবং বাংলাদেশে ১২৬তম অবস্থানে রয়েছেন। পবিপ্রবিতে ৩য় ও বাংলাদেশে ১৭৭তম স্থানে রয়েছেন গবেষক মুহাম্মদ এবি সিদ্দিক।
এদিকে প্রকাশিত র‌্যাংকিংয়ে গবেষণার মানদন্ডে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৪ তম স্থানে রয়েছে পবিপ্রবি।

এ বিষয়ে পবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত শিক্ষা বার্তাকে বলেন, গবেষণার ফলাফলকে কাজে লাগিয়ে আমাদের দেশের জন্য লাগসই প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। পবিপ্রবিতে গবেষণা কার্যক্রম ধীরে ধীরে বাড়ছে। আরও বাড়াতে নানা কর্ম পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ সময় উপাচার্য তালিকায় স্থান পাওয়া সকল গবেষকদের বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানান।

উল্লেখ্য, বিভিন্ন মানদণ্ড ও একাডেমিক অধ্যয়ন বিশ্লেষণ করে এ তালিকা প্রকাশ করে থাকে অ্যালপার ডগার। তালিকার সর্বশেষ সংস্করণে বিশ্বের ২১৮টি দেশের ২১ হাজার ৯৭৭টি বিশ্ববিদ্যালয়ের ১৩ লাখ ৫১ হাজার ১৪ জন গবেষক স্থান পেয়েছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/০৭/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.