এইমাত্র পাওয়া

বাংলাদেশে যখন আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বুলবুল’

বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। ঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় চার সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। বুলেটিনে বলা হয়েছেন, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় বুলবুল আরও উত্তর-উত্তর পরিশ্চমদিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

এটি শুক্রবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৬৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর ও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। বুলবুলের অগ্রবর্তী অংশের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এ বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘আগামীকাল শনিবার সকাল কিংবা দুপুরের দিকে ঘুর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে। প্রতিনিয়ত এর গতি বাড়ছে, আর এটার গতি বাড়তেই থাকবে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.