অস্থাবর সম্পত্তির বিপরীতেও মিলবে ঋণ

ঢাকাঃ  জাতীয় সংসদে ‘সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) বিল- ২০২৩’ উত্থাপিত করেছে সরকার। এর মাধ্যমে অস্থাবর সম্পত্তির বিপরীতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়ার সুযোগ থাকছে।

গতকাল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি উত্থাপন করলে তা পরীক্ষা করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এর আগে সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম বিলটি উত্থাপনের আপত্তি জানালে কণ্ঠভোটে তা নাকচ হয়। বিদ্যমান আইন অনুযায়ী বর্তমানে কেবল স্থাবর সম্পত্তি জামানত রেখে ঋণ নেয়া যায়। আইনটি পাস হলে অস্থাবর সম্পত্তি জামানত রেখেও ঋণ নেয়া যাবে। প্রস্তাবিত বিলটি অনুযায়ী জামানতযোগ্য অস্থাবর সম্পত্তি বলতে রপ্তানির উদ্দেশ্যে অথবা রপ্তানি আদেশ অনুযায়ী পণ্য প্রস্তুতের কাঁচামালকে বুঝানো রয়েছে। এটি প্রয়োজনীয় দলিল দ্বারা সমর্থিত ও সুরক্ষিত হতে হবে।

বিলে বলা হয়, অর্থঋণ আদালতে সংজ্ঞায়িত আর্থিক প্রতিষ্ঠান, বীমা আইনানুযায়ী বীমাকারী, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি আইনে সংজ্ঞায়িত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান এবং মানি ল্যান্ডার্স অ্যাক্টে সংজ্ঞায়িত মানি ল্যান্ডার এবং বিদ্যমান অন্য কোনো আইনে ব্যক্তি বা প্রতিষ্ঠান অস্থাবর সম্পত্তি জামানত রেখে লেনদেন করতে পারবে। সুরক্ষা স্বার্থ সৃষ্টির ক্ষেত্রে জামানত হিসেবে ব্যবহারযোগ্য অস্থাবর সম্পত্তির মূল্য প্রবিধান দিয়ে নির্ধারিত হবে। আইন কার্যকর হলে সরকার একটি নিবন্ধন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করবে।

এ কর্তৃপক্ষ জামানতযোগ্য অস্থাবর সম্পত্তি অর্থায়ন-বিবরণী নিবন্ধন, জামানত হিসেবে অস্থাবর সম্পত্তির ইলেক্ট্রনিক নিবন্ধন সংক্রান্ত ইলেক্ট্রনিক তথ্যভাণ্ডার পরিচালনা করবে। এদিকে বিলটি উত্থাপনে আপত্তি জানিয়ে ফখরুল ইমাম বলেন, স্থাবর সম্পত্তি জামানত রেখে ঋণ নেয়া হয়, এখানে ব্যাংকগুলো লুটপাটের আখড়া হয়ে দাঁড়িয়েছে। বিলটি ভালো। ক্ষুদ্র ঋণগ্রহীতাদের জন্য এ আইন প্রয়োজন। কিন্তু এটি বিপর্যয় ডেকে আনবে। কীভাবে নিয়ন্ত্রণ করা হবে সেটা প্রশ্ন। তিনি বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, উচ্চ আদালত বলেছেন বেসিক ব্যাংকের মামলা নিয়ে নাটক হচ্ছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.