এইমাত্র পাওয়া

ব্যাংক ঋণ পরিশোধে ছাড় দিয়ে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন জারি

ঢাকাঃ  ব্যাংকঋণ পরিশোধে ছাড় দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপন অনুযায়ী, চলতি মাসের শেষ কর্মদিবসের মধ্যে মেয়াদি ঋণের কিস্তির ৫০ শতাংশ জমা দিলে সে ঋণকে আর খেলাপি বলে গণ্য করা হবে না।

মঙ্গলবার (২০ জুন) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, সাম্প্রতিক সময়ে বহির্বিশ্বে যুদ্ধাবস্থা চলমান থাকার কারণে আন্তর্জাতিক বাজারে কাঁচামালসহ বিভিন্ন পণ্যের দাম ও পরিবহন ব্যয় বেড়েছে। এতে করে অনেকেই কিস্তির পূর্ণ টাকা পরিশোধ করতে পারছেন না। এক্ষেত্রে কিস্তির ৫০ শতাংশ পরিশোধ করলে খেলাপির খাতায় নাম উঠবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গত ১ এপ্রিল থেকে বিদ্যমান নিয়মিত মেয়াদি প্রকৃতির ঋণের (স্বল্পমেয়াদি কৃষি ও ক্ষুদ্রঋণসহ) বিপরীতে এপ্রিল-জুন সময়ের জন্য যে কিস্তি দিতে হবে, তার ৫০ শতাংশ পরিশোধ করলেই গ্রাহককে খেলাপি করা যাবে না।

এই নির্দেশনা অনুযায়ী সুবিধা নেয়া গ্রাহকদের কিস্তির বাকি অংশ বিদ্যমান ঋণের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে আদায় করতে হবে।

এই নির্দেশনা অনুযায়ী ঋণ পরিশোধে ব্যর্থ হলে এসব ঋণ যথানিয়মে খেলাপি করা যাবে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক বলছে, যেসব গ্রাহক এই সুবিধা নেবেন, তাদের কিস্তি পরিশোধের ক্ষেত্রে সুবিধাপ্রাপ্ত ঋণের ওপর ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত কোনোরূপ দণ্ডসুদ বা অতিরিক্ত ফি (যে নামেই অভিহিত করা হোক না কেন) আরোপ করা যাবে না।

প্রজ্ঞাপন অনুযায়ী, ইসলামি শরীয়াহভিত্তিক ব্যাংকগুলোও তাদের প্রদত্ত বিনিয়োগের ক্ষেত্রে একই ধরনের সুবিধা নিতে পারবে।

মূলত ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৯-১-চ ধারা অনুসারে বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের এ সুবিধা দিয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.