ঢাকাঃ এবারের বাজেটে শিক্ষা খাতের বরাদ্দকে শুভঙ্করের ফাঁকি বলে অভিহিত করেছেন শিক্ষা সংশ্লিষ্টরা। বিশেষ করে শিক্ষায় বাজেটের বরাদ্দ বেশি দেখানোর জন্য অন্যান্য মন্ত্রণালয়ের বাজেটকে সম্পৃক্ত করে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকেই। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভের (ইআরআই) আয়োজিত ‘শিক্ষা বাজেটে শুভঙ্করের ফাঁকি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও সাবেক ইউজিসি সদস্য অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সরোয়ার মিলনসহ বিশিষ্ট শিক্ষাবিদরা। মূল প্রবন্ধে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, যুদ্ধবিধ্বস্ত সাড়ে ৭ কোটি মানুষের বাংলাদেশের প্রথম ৭৮৬ কোটি টাকার বাজেটে শিক্ষায় বরাদ্দ দেয়া হয়েছিল ১৭৩ কোটি টাকা, যা মোট বাজেটের ২২ শতাংশ। কিন্তু ২০২৩-২৪ অর্থবছরে ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ দেয়া হয়েছে ৮৮ হাজার ৭৮৬ কোটি টাকা, যা মোট বাজেটের ১১ দশমিক ৫৭ শতাংশ বা জিডিপির ১ দশমিক ৭৬ শতাংশ। শিক্ষার সাথে প্রযুক্তি খাত যোগ করলে তা দাঁড়ায় ১৩ দশমিক ৭ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেটে শিক্ষা খাতে মোট বাজেটের ১২ দশমিক ০১ শতাংশ বা জিডিপির ১ দশমিক ৮৩ শতাংশ এবং ২০২১-২২ অর্থবছরে ৬ লাখ ৩ হাজার কোটি টাকার বাজেটে শিক্ষা বাজেটে মোট বাজেটের ১১ দশমিক ৯২ শতাংশ বা জিডিপির ২ দশমিক ০৮ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেয়া হয়েছিল জানিয়ে তিনি বলেছেন, একেই বলা হয় শুভঙ্করের ফাঁকি।
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও ইআরআই চেয়ারম্যান আরো বলেন, প্রতি বছরের প্রস্তাবিত বাজেটে দেশের সার্বিক অর্থনীতির জন্য যে চ্যালেঞ্জগুলো শনাক্ত করা হয় সেগুলো সার্বিকভাবে মোকাবেলা করার পদক্ষেপ নেয়া হয়ে থাকে কিন্তু শিক্ষাব্যবস্থার সমস্যার জন্য চ্যালেঞ্জ শনাক্ত করা এবং সে অনুযায়ী জাতীয় বাজেটে ব্যবস্থা নেয়া হয়নি। কিন্তু আমরা যদি অর্থনীতি, কর্মসংস্থান বা রেমিট্যান্স, মানবসম্পদ উন্নয়ন কিংবা আর্থসামাজিক উন্নয়ন করতে চাই তাহলে সর্বাধিক গুরুত্ব দিতে হবে শিক্ষা সংস্কার ও শিক্ষা বাজেটে।
ড. আ ন ম এহছানুল হক মিলন আরো বলেন, বাজেটে কোভিড-১৯ এর ফলে শিক্ষার্থীরা যে নানামুখী ক্ষতির মুখে পড়েছে তার জন্য ২-৩ বছর মেয়াদি একটি শিক্ষা পুনঃউদ্ধার কর্মসূচি বাজেটের প্রয়োজনীয়তা ছিল। অপর দিকে বিগত দিনের শিক্ষা কমিশনের রিপোর্ট এবং সুপারিশমালা যদি পর্যালোচনা করি, তাহলে সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের নীতিনির্ধারণী পর্যায় থেকে সক্রিয় দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে আদৌ প্রতীয়মান হয়নি। এবারের বাজেটেও করোনাকালীন শিক্ষায় ক্ষতি পূরণের দীর্ঘমেয়াদি ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আনোয়ার উল্লাহ চৌধুরী বলেন, শিক্ষাকে এখন বাণিজ্যিকীকরণ করা হয়েছে। যেখানে দলীয় রাজনৈতিক কারণে প্রাইভেট বিশ^বিদ্যালয়ের অনুমতি দেয়া হয়। যে যত বেশি চাটুকারিতা করতে পারে এবং দলবাজি করতে পারে তিনি তত বড় বিশ^বিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পাচ্ছেন। বর্তমান সরকারের কাছে শিক্ষাবান্ধব বাজেট প্রত্যাশা করা যায় না বলে মন্তব্য করেন তিনি। এ ছাড়াও তিনি বর্তমান শিক্ষাব্যবস্থায় অর্ধশিক্ষিত জাতি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন।
বিশেষ অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বিশ^ব্যাপী উন্নয়নের সূচকের ধারণা পরিবর্তন হচ্ছে। শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়নকে মূলত জাতির উন্নয়ন বলা যায় না। গত ১৪ বছরে শিক্ষার মান তলানিতে এসে ঠেকেছে মন্তব্য করে তিনি বলেন, এখন নৈতিক শিক্ষা না থাকায় সঠিক মানুষ তৈরি হচ্ছে না। যার কারণে প্রতি বছর দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে। সঠিক শিক্ষা থাকলে তা হতো না। এই স্বৈরতান্ত্রিক সরকারের কাছে শিক্ষাবান্ধব বাজেট আশা করা যায় না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় আরো অংশ নেন, বাংলাদেশ কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রিন্সিপাল ইসহাক হোসাইন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আবদুল লতিফ মাসুম, বিশ^ স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা ডা: মোজাহেরুল হক, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাকির হোসেন, এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষক ড. শহিদুল ইসলাম ফারুকি। আলোচনায় শুভেচ্ছা বক্তব্য দেন ইআরআইয়ের সদস্যসচিব শাহ আলম ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি আমিরুল ইসলাম কাগজী।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
