অতি ভারী বর্ষণের পূর্বাভাস

ঢাকাঃ দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

শুক্রবার (১৬ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রাজশাহী ও খুলনা বিভাগ ছাড়া দেশের কোথাও কোথাও ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এদিকে রংপুর, দিনাজপুর, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় তা সামান্য কমতে পারে। তবে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে। এছাড়া নেত্রকোনায় ৮৮, কিশোরগঞ্জের নিকলিতে ৬৫, ময়মনসিংহে ৪৩, চট্টগ্রামের সন্দ্বীপে ৪২, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও চট্টগ্রামের সীতাকুন্ডে ৩৮, ভোলায় ৩৭, বরিশালে ৩০, রাঙামাটিতে ২৮, রংপুরে ২৪, কুড়িগ্রামের রাজারহাটে ১৪ এবং ফেনী ও চট্টগ্রামে ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.