ঢাকাঃ সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরতদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। এছাড়া ৮ জনকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার (১০ জুন) রাত ৮টার পর রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে। এর আগে দুপুর ১২টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করেন ৩৫ প্রত্যাশীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এদিন দীর্ঘ সময় ধরে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করায় দিনভর ওই এলাকা দিয়ে বাস চলাচল বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ভুক্তভোগীদের কথা বিবেচনা করে সন্ধ্যার পর অবরোধ প্রত্যাহারের অনুরোধ করেন ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা। তবে আন্দোলনরত পুলিশের সেই অনুরোধ না শোনায় তাদের সরিয়ে দিতে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় ৪ থেকে ৫ জন আহত হন। আটক করা হয়েছে ৮ জনকে।
এ বিষয়ে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক মো. তাজুল ইসলাম বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছিলাম। পুলিশ আমাদের ওপর অহেতুক লাঠিচার্জ করেছে। হামলায় আমাদের চার সহযোদ্ধা আহত হয়েছেন। এছাড়া আমাদের সংগঠনের আহবায়ক শরিফুল হাসান শুভসহ ৮/৯ জনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ডিউটি অফিসার শ্যামল বলেন, আমি মাত্র থানায় এসেছি। আমার আগে যে ডিউটি অফিসার ছিল তিনি নেই। বিষয়টি খোঁজ নিয়ে আপনাকে জানাতে পারব।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৬/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
