তীব্র গরমে এবার হাসপাতালে ভর্তি কুড়িগ্রামের দুই স্কুল শিক্ষার্থী

কুড়িগ্রামঃ জেলার ফুলবাড়িতে পরীক্ষা চলাকালীন গরমে অসুস্থ হয়ে দুই শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার (৭ জুন) দুপুরে উপজেলার উত্তর রাবাইতারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা হলো মো. হাসান আলী ও মোছা. হেলেনা। তাদের দুজনের বাড়ি উত্তর রাবাইতারির বটতলা গ্রামে।

ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিকুল ইসলাম সফিক জানান, সকালে নবম শ্রেণির ইংরেজি পরীক্ষা চলছিল। এসময় কিছু সময়ের জন্য বিদ্যুৎ চলে যায়। ফলে ওই পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে হেলেনা অসুস্থ হয়ে পড়ে। এসময় তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর ওই শ্রেণির আরেক শিক্ষার্থী হাসান আলী পরীক্ষা শেষে বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়ে। তাকেও স্বজনরা নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ ইফতেখার উল ইসলাম জানান, অতিরিক্ত গরমের পাশাপাশি পরীক্ষার চাপ থাকায় মানসিক ও শারীরিকভাবে তারা অসুস্থ হয়ে পড়ে। আমরা সার্বক্ষণিক তাদের খোঁজ রাখছি।

এর আগে আজ বুধবার কুমিল্লার দাউদকান্দিতে সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার (৬ জুন) ছাত্রী উম্মে হাবিবার (১২) মৃত্যুর পর আরও ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতাল ভর্তি হয়েছে। সকালে উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ে তারা অসুস্থ হয়ে পড়ে। তাদের গৌরীপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদ্যালয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, প্রচণ্ড গরমে প্রতিদিনের ন্যায় প্রতিটি শ্রেণিকক্ষে ৮০-৯০ শিক্ষার্থী নিয়ে পাঠদান চলছিল। সকাল থেকে বিদ্যুৎ না থাকায় পাঠদানের সময় প্রচণ্ড গরম আর দাবদাহে শিক্ষক ও শিক্ষার্থীরা হাঁপিয়ে ওঠেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ বোধ করলে শিক্ষক পাঠদান বন্ধ করে তাদের বাইরে নিয়ে আসেন। প্রায় সঙ্গে সঙ্গেই ৬ষ্ঠ, ৮ম ও ১০ম শ্রেণির ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে স্কুল কর্তৃপক্ষ তাদের দ্রুত উপজেলা গৌরীপুর সরকারি হাসপাতালে ভর্তি করে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.