ষষ্ঠ-সপ্তম শ্রেণিতে গতানুগতিক প্রশ্ন: ব্যবস্থা নিচ্ছে মাউশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ টাঙ্গাইলে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বিষয়ভিত্তিক ষান্মাসিক মূল্যায়নের পরিবর্তে গতানুগতিক প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেওয়ার আয়োজন করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নিচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (৫ জুন) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাউশি। এতে সই করেছেন অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক -২) এস এম জিয়াউল হায়দার হেনরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ষান্মাসিক মূল্যায়নের পরিবর্তে গতানুগতিক প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেওয়ার আয়োজন করা হয়। বিষয়টি মাউশি অধিদপ্তরের নজরে আসায় তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নিয়ে তা বন্ধ করে দেওয়া হয়।

এতে আরও বলা হয়, নতুন কারিকুলাম বিস্তরণ ও মূল্যায়নের সুনির্দিষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও তা লঙ্ঘন করে এমন অনভিপ্রেত কাজ করার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ষান্মাসিক মূল্যায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে নতুন কারিকুলাম বিস্তরণ ও মূল্যায়নের নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.