এইমাত্র পাওয়া

ট্যাব বিতরণে অনিয়ম: অভিভাবকের সঙ্গে প্রধান শিক্ষকের অশালীন আচরণ

জামালপুরঃ জেলার সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক সফিউর রহমান সফির বিরুদ্ধে। এ ছাড়া তার বিরুদ্ধে অভিভাবকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগও রয়েছে।

বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক শামীমা ইয়াসমিন।

তিনি জানান, তার ছেলে সাফায়াত হোসেন নবম শ্রেণি ও মেয়ে জান্নাতুল বাকীয়া সৃষ্টি দশম শ্রেণির ১ নম্বর রোলধারী হলেও তাদেরকে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব দেওয়া হয়নি। সরকারি এসব ট্যাব সরকারি নির্দেশনা অমান্য করে ইচ্ছেমতো বিতরণ করেছেন প্রধান শিক্ষক। বুধবার এ বিষয়ে তিনি প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তাকে লাঞ্ছিত এবং দুই ছেলে-মেয়েকে ছাড়পত্র দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার হুমকি দেন।

এ সময় ওই প্রধান শিক্ষক বলেন, ট্যাবগুলো বর্তমান স্বৈরাচার সরকারের দেওয়া ভিক্ষা। সংবাদ সম্মেলনে ওই অভিভাবক প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক সফিউর রহমান সফি বলেন, অভিভাবকদের লাঞ্ছিত, শিক্ষার্থীদের ছাড়পত্র দেওয়ার হুমকি ও বর্তমান সরকারকে স্বৈরাচার সরকার বলার কথা সঠিক নয়। বিতরণ করা ট্যাবগুলো ফেরত নিয়ে প্রথম স্থান থেকে তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।

জামালপুরের জেলা প্রশাসক শ্রাবন্তী রায় বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রায়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.