এইমাত্র পাওয়া

তাজউদ্দিনের যে রেকর্ড ভাঙতে পারেনি কেউ

ঢাকাঃ সদ্য স্বাধীন হওয়া দেশে প্রথম বাজেট উপস্থাপন করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন। তার প্রথম উপস্থাপিত বাজেটের আকার ছিল ৭৮৬ কোটি টাকা। তার মাধ্যমে শুরু হওয়া বাজেটের আকার এখন প্রায় পৌনে আট লাখ কোটি টাকা। ৫২ বছরের ইতিহাসে ১৪ জন অর্থমন্ত্রী (সামরিক বা অর্থ উপদেষ্টাসহ)। তবে তাজউদ্দিন আহমেদ এক জায়গায় অনন্য, রেকর্ড ভাঙতে পারেনি কেউ!

৫২ বছরের ইতিহাসে তাজউদ্দিন আহমেদই একমাত্র বাজেট উপস্থাপক, যিনি ছিলেন পূর্ণাঙ্গ রাজনীতিবিদ।

স্বাধীনতা-পরবর্তী মোট যে ১৪ জন অর্থমন্ত্রী বা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সংসদে বাজেট উপস্থাপন করেছেন, তারা ছিলেন হয় অবসরপ্রাপ্ত আমলা, সেনা কর্মকর্তা অথবা অর্থনীতিবিদ বা ব্যবসায়ী। এরা কেউই পরিপূর্ণ রাজনীতিবিদ ছিলেন না। অর্থ্যাৎ তাজউদ্দিন আহমদের এ রেকর্ড এখনও ভাঙতে পারেনি কেউ।

স্বাধীনতা পরবর্তী সময়ে সামরিক থেকে গণতান্ত্রিক বিভিন্ন সরকারে ১৪ জন অর্থমন্ত্রী (অর্থ উপদেষ্টা অথবা সামরিক আইন প্রশাসক) ৪৭টি বাজেট উপস্থাপন করেছেন এর আগে।

মুস্তফা কামাল ২০১৯ সালের ১৩ জুন তার প্রথম বাজেট (২০১৯-২০ অর্থবছর) উপস্থাপন করেছিলেন। ২০২০ সালের ১১ জুন উপস্থাপন করেন দ্বিতীয় বাজেট। ২০২১ সালের ৩ জুন উপস্থাপন করেন তৃতীয় বাজেট। গত বছরের ৯ জুন উপস্থাপন করেন তার চতুর্থ বাজেট। আজ বৃহস্পতিবার দিতে যাচ্ছেন তার পঞ্চম বাজেট।

সংসদে সমান ১২ বার বাজেট পেশ করে রেকর্ড করেন প্রয়াত এম সাইফুর রহমান এবং আবুল মাল আবদুল মুহিত। তবে টানা ১০টি বাজেট দেয়ার রেকর্ড শুধু প্রয়াত মুহিতের।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.