এইমাত্র পাওয়া

ঢাকা বিভাগ ও মহানগরে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থী হলেন যাঁরা

ঢাকাঃ জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ঢাকা বিভাগ ও ঢাকা মহানগর পর্যায়ে আলাদাভাবে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিতে সেরাদের নির্বাচন করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগীয় পর্যায়ে (ঢাকা মহানগরের বাইরে) শ্রেষ্ঠ কলেজ শ্রেণি শিক্ষক হয়েছেন মুন্সিগঞ্জের শ্রীনগর সরকারি কলেজের শিক্ষক মোহাম্মদ কুদরত-ই-হুদা, বিদ্যালয়ে রাজবাড়ীর কালুখালী আদর্শ উচ্চবিদ্যালয়ের আশরাফুল হক, মাদ্রাসায় মাদারীপুর আহমাদিয়া কামিল মাদ্রাসা রিয়াজুল ইসলাম এবং কারিগরিতে মানিকগঞ্জের ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের মো. রাসেল মিয়া।

রবি ও সোমবার রাজধানীর রেসিডেনসিয়াল মডেল কলেজে ঢাকা বিভাগীয় ও ঢাকা মহানগর পর্যায়ের ফল চূড়ান্ত করা হয়। একইভাবে অন্যান্য বিভাগীয় পর্যায়ের সেরাদের নির্বাচন করা হয়। তাঁদের মধ্যে থেকে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠদের নির্বাচন করা হবে। উল্লেখ, ঢাকা মহানগরকে আলাদা একটি বিভাগ  বিবেচনা করে এই প্রতিযোগিতা হয়।

ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন বিদ্যালয় পর্যায়ে মাদারীপুরের কালকিনির আন্ডারচর উচ্চবিদ্যালয়ের মো. আবুল কালাম মোল্লা, কলেজ প্রধান হিসেবে নরসিংদীর সরকারি শহীদ আসাদ কলেজের অধ্যাপক কল্যাণী ব্যানার্জী, মাদ্রাসা প্রধান হিসেবে নারায়ণগঞ্জের ভুইগড় দারুচ্ছুন্নাহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ এবং কারিগরি প্রতিষ্ঠান প্রধান হিসেবে মানিকগঞ্জের ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের মোহাম্মদ ফারুক হোসেন।

ঢাকা বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছে কলেজে রাজবাড়ী সরকারি কলেজের ছাত্রী কুইন (সে এর আগে জাতীয় পর্যায়েও সেরা হয়েছিল), বিদ্যালয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের কাজী জীম, মাদ্রাসায় গোপালগঞ্জ ছালেহিয়া কামিলা মাদ্রাসার মো. রহমতুল্লাহ ও কারিগরিতে ঢাকার দোহারের জয়পাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের জান্নাতুল ফেরদৌস।

এ ছাড়া শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয় পর্যায়ে সাভারের সেনা পাবলিক স্কুল, কলেজ পর্যায়ে মাদারীপুরের কালকিনির সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজ, মাদ্রাসা পর্যায়ে রাজবাড়ীর ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিলা মাদ্রাসা এবং শ্রেষ্ঠ কারিগরি প্রতিষ্ঠান হিসেবে শরীয়তপুরের নড়িয়া পাইলট বালিকা উচ্চবিদ্যালয় (কারিগরি শাখা) নির্বাচিত হয়েছে।

ঢাকা মহানগরে শ্রেষ্ঠ যারা

ঢাকা মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে শ্রেষ্ঠ কলেজশিক্ষক হয়েছেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের সহকারী অধ্যাপক রুমানা আফরোজ, বিদ্যালয়ে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শাহীনা কবির, মাদ্রাসায় বাড্ডার হাজী মাতবর আলী হাচানিয়া দাখিল মাদ্রাসার সুলতানা রাজিয়া এবং শ্রেষ্ঠ কারিগরি শিক্ষক হয়েছেন গুলশানের ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের আফতাব উদ্দিন আহমেদ।

ঢাকা মহানগরে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্য বিদ্যালয়ে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তৃয়াশা সরকার, কলেজে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয়ের নৈঋতা হালদার, মাদ্রাসায় উত্তরার তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার ওয়াছিল মোল্লা এবং কারিগরিতে গুলশানের ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের জান্নাতুল ফেরদৌস।

ঢাকা মহানগরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে মিরপুরের মডেল একাডেমির শুভাশীষ কুমার বিশ্বাস, কলেজে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ব্রিগেডিয়ার জেনারেল আল ফারুক সিদ্দিকী, মাদ্রাসায় মিরপুরের মুহাম্মাদাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক ও কারিগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়েছেন হাজারীবাগ গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের এস এম আমান উর রশিদ।

এ ছাড়া শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হয়েছে বিদ্যালয় পর্যায়ে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, কলেজ পর্যায়ে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, মাদ্রাসায় মিরপুরের মুহাম্মাদাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা এবং কারিগরিতে গুলশানের ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৫/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.