আগের দিন সব সংস্করণের ক্রিকেট মিলিয়ে ভারতের মাটিতে প্রথম জয়ের দেখা পান মুশফিকরা। স্মরণীয় এ জয়ের রেশ না কাটতেই পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। লাহোরে গতকাল ওয়ানডে ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ১ উইকেটে হারান রুমানা-সালমা খাতুনরা। পাকিস্তানের মাটিতে যতবার বাংলাদেশ পুরুষ দল খেলে এসেছেÑ সব কটি ম্যাচেই হারের স্বাদ পেতে হয়েছে তাদের। কিন্তু মেয়েদের হাত ধরে এবার পাকিস্তানের মাটিতে প্রথম জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ। এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে প্রথম শিরোপা এনে দেওয়ার সাফল্য দেখান মেয়েরা। ২০১৮ সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নারী দল। গতকাল পাকিস্তানের
বিপক্ষে এ জয়ের পর দুই ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে অমীমাংসিত থাকল।
গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নামেন পাকিস্তানের মেয়েরা। সবকটি উইকেট হারিয়ে ২১০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। জবাবে ফারজানা হকের ব্যাটিংনৈপুণ্যে ৯ উইকেট হারিয়ে রোমাঞ্চকর জয় তুলে নেয় বাংলাদেশ (২১১/৯)। রান তাড়ায় প্রত্যাশিত সূচনা পাননি মেয়েরা। দলীয় ২৯ রানে ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েন। তবে তৃতীয় উইকেটে ফারজানা ও মুর্শিদা ৮২ রানের লম্বা জুটি গড়ে জয়ের ভিত গড়ে দেন। ৬৭ বল খেলে ৬টি চারের সাহায্যে ৪৪ রান করে মুর্শিদা আউট হলেও দলকে এগিয়ে নেন ফারজানা। অধিনায়ক রুমানার সঙ্গে আবার ৫৫ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৩১ রানে রুমানা সাজঘরে ফেরেন। জয় থেকে ২৪ রান দূরে থেকে আউট হন ফারজানাও। ৯৭ বল খেলে ৬টি চারের সাহায্যে ৬৭ রানের ঝলমলে ইনিংস উপহার দেন তিনি। ওই সময় দ্রুত ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। তবে শেষের সমীকরণ মিলিয়ে দেন জাহানারা ও নাহিদা খাতুন। দারুণ ব্যাটিংয়ের সুবাদে ম্যাচসেরা হন ফারজানা।
আগে ব্যাটিংয়ে নেমে নাহিদা খান ৬৩, আলিয়ার ৩৬, বিসমাহর ৩৪ রানের সুবাদে দুশর বেশি রান করেন পাকিস্তানিরা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট পান রুমানা। ৮ ওভারে ৩৫ রান দেন তিনি। ২ উইকেট শিকার করেন সালমা খাতুন। ১ উইকেট পান পান্না ঘোষ। পাকিস্তানের চার ব্যাটার রানআউটের শিকার হন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
