এইমাত্র পাওয়া

পঞ্চগড়ে শিক্ষককে পেটালেন আ.লীগ নেতার স্ত্রী

পঞ্চগড়ের আটোয়ারীতে এক আওয়ামী লীগ নেতার স্ত্রী মারপিট করেছেন এক শিক্ষককে। আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করে তিনি ওই শিক্ষককে চড়-থাপ্পড় ও জুতাপেটা করেন। গতকাল সোমবার জেএসসির ইংরেজি বিষয়ের পরীক্ষায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা ওই পরীক্ষা কেন্দ্রের মাঠে জড়ো হন। পরে আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসানসহ শিক্ষকদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করেন।

পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকরা জানান, আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান গোলাপের মেয়ে ওই কেন্দ্রের ১ নম্বর কক্ষে পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষের ঘণ্টা পড়ার পর রাধানগর হাজী শাহার আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোকলেছার রহমানসহ তিন কক্ষ পরিদর্শক পরীক্ষার্থীদের খাতা নিয়ে যান।

এ সময় ওই পরীক্ষার্থী আরও সময় চায়। কক্ষ পরিদর্শক মোকলেছার রহমান বাড়তি সময় না দেওয়ায় পরীক্ষার্থী কেন্দ্রের বাইরে থাকা মা রোজিনা আক্তার রোজিকে এ বিষয়ে অভিযোগ করে। মেয়ের অভিযোগ শুনে রোজিনা আক্তার পরীক্ষা কেন্দ্রে ঢুকে আকস্মিক শিক্ষক মোকলেছার রহমানের শার্টের কলার ধরে চড়-থাপ্পড়সহ মারপিট শুরু করেন। একপর্যায়ে জুতা খুলে ওই শিক্ষককে মারেন। অন্য শিক্ষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কেন্দ্র সচিব আব্দুল কুদ্দুস বলেন, ঘটনার পরপরই আমরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই। তিনি ঘটনাস্থলে এসে সবার সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করে দেন।

আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান জানান, বিষয়টি শোনার পর তাৎক্ষণিক তিনি ওই কেন্দ্রে যান। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেন তিনি। পরীক্ষার্থীর মা তার ভুল বুঝতে পেরে শিক্ষকের কাছে ক্ষমা চান। পরে উভয় পক্ষের সম্মতিতে বিষয়টি মীমাংসা করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.