শপথ নিলেন পিএসসির নতুন ৪ সদস্য

.ঢাকাঃ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চার সদস্য শপথ নিয়েছেন। বুধবার (১৭ মে) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন নিয়োগপ্রাপ্ত সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শপথ নেওয়া নতুন সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী, হেলালুদ্দিন আহমেদ, ড. মোছাম্মৎ নাজমানারা খানুম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অবসরপ্রাপ্ত কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বুধবার পিএসসির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন নিয়োগপ্রাপ্ত সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

শপথগ্রহণ অনুষ্ঠানে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন। এছাড়া কমিশনের সদস্যরা ও কমিশন সচিবালয়ের সচিব মু আ হামিদ জমাদ্দারসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ১১ মে চারটি আলাদা আদেশে পিএসসির চারজন সদস্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে বর্ণিত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ নিয়োগ দিয়েছেন বলে আদেশে বলা হয়েছে।

পিএসসির সদস্য হিসেবে শপথ নেওয়ার দিন থেকে পাঁচ বছর মেয়াদে বা তাদের বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে হবে, সেই সময় পর্যন্ত তারা পিএসসির সদস্যের দায়িত্বে থাকবেন।

পিএসসির সদস্যের পদ ছিল ১৫টি। সম্প্রতি আইন সংশোধন করে এ সংখ্যা আরও পাঁচজন বাড়ানো হয়েছে। নতুন চারজন নিয়োগ দেওয়ার পর আরও চারটি পদ শূন্য রয়েছে। অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন পিএসসির চেয়ারম্যানের দায়িত্বে আছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৫/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.