মোঃ রিয়াজুল ইসলাম, জেলা প্রতিবেদক, পটুয়াখালীঃ জেলার বাউফলের বগা ইউনিয়নে বাবার ট্রলি গাড়ি থেকে ছিটকে পরে ওই গাড়ির চাকায় পিষ্ট হয়েই মাদ্রাসা পড়ুয়া এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
দুর্ঘটনায় নিহত শিশু শিক্ষার্থী মো. ইয়ামিন হোসেন (০৭) বগা ইউনিয়নের দ্বীনিয়া হাফেজি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। সে কনকদিয়া ইউনিয়নের হোগলা গ্রামের ট্রলি গাড়ি চালক মো. জাকির হোসেনের ছেলে।
বুধবার (১০ মে) বেলা ১টার দিকে বগা ইউনিয়নের হোগলা ব্রিজের উত্তর পাশের ঢালে এই দুর্ঘটনা ঘটে।
মাদ্রাসা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার(৯ মে) ছিল কোরআন মৌখিক পরীক্ষা। দুপুর ১টার দিকে ইয়ামিন পরীক্ষা শেষে মাদ্রাসা থেকে বের হলে তার বাবার সঙ্গে দেখা হয়। এসময় জাকির হোসেন ছেলেকে দেখে বলেন, ‘চলো আব্বা তুমি আমি একই সঙ্গে বাড়ি যাই।’ এই বলে ছেলেকে কোলে তুলে তার পাশে বসায়। ট্রলি গাড়িতে বাড়িতে যাচ্ছিলেন ইয়ামিন আর ওই গাড়ি চালাচ্ছিলেন তার বাবা জাকির হোসেন। ট্রলি গাড়িটি হোগলা ব্রিজের উত্তর পাশের ঢালে নামার সময় শিশু ইয়ামিন গাড়ি থেকে ছিটকে পরে যায়।জাকির হোসেন ছেলে পড়ে যাওয়া খেয়াল করতে না পেরে ট্রলি সামনের দিকে টান দেন। এতে পেছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় ইয়ামিন। স্থানীয়রা ইয়ামিনকে উদ্ধার করে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় পুরো উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত ইয়ামিনের বাবা বলেন, দুই ছেলে এক মেয়ের মধ্যে ইয়ামিন সবার ছোট। ছেলেটি রোদের মধ্যে এই গরমে হেঁটে বাড়ি যাবে। এই ভেবে ওকে আমি গাড়িতে তুলি। কিন্তু মুহূর্তের মধ্যে কী হতে কী হলে গেল। আমার ছেলের মৃত্যু আমার হাতেই। এই বলে অঝোরে কান্না করছিলেন তিনি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মিজানুর রহমান শিক্ষা বার্তাকে বলেন, খুবই দুঃখজনক ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত ইয়ামিনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
