ব্রাহ্মণবাড়িয়াঃ জেলার বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজের (বিজিএফসিএল) অধ্যক্ষ মোস্তাব আলী (৫৮) ঋণের চাপে দিশেহারা হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার সকাল ১০টার দিকে ২ নম্বর গ্যাস ফিল্ডস কোয়ার্টারের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মোস্তাব আলী নাটোরের পাইকপাড়া সর্দারবাড়ির প্রয়াত মজির উদ্দিন সরকারের ছেলে। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে গ্যাস ফিল্ডসের কোয়ার্টারে থাকতেন। ২০১৮ সালের নভেম্বর মাসে তিনি এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
পুলিশ ও পরিবারিক সূত্রে জানা গেছে, সকাল ৮টায় অধ্যক্ষ মোস্তাব আলী তার গাড়িচালককে বাসায় আসতে বলেন। এরপর তিনি বাথরুমে গোসল করতে যান। অনেকক্ষণ পরও বের না হওয়ায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। বাথরুমের দরজা ভেঙে তারা ভেতরে গিয়ে শাওয়ারের (ঝরনা) সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
মোস্তাব আলীর ছেলে আহমেদ ওয়াসিফ প্রিতুল বলেন, বাবার ব্রাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ব্যুরো বাংলাদেশ, বীজ এনজিওসহ বেশ কয়েকটি জায়গা থেকে ঋণ নিয়েছিলেন। সঠিক সময়ে ঋণের টাকা ফেরত দিতে না পেরে বাবা আত্মহত্যা করতে পারেন।
এদিকে ডাচ বাংলা ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার ম্যানেজার বলেন, মঙ্গলবার ব্যাংকের কিস্তির টাকার জন্য ফোন করেছিলাম। আজ (বুধবার) সকালে ব্যাংকে এসে টাকা জমা দেওয়ার কথা ছিল। কিন্তু সকাল ১১টায় খবর পেলাম তিনি মারা গেছেন।
তিনি আরও বলেন, আমাদের ব্যাংক থেকে মোস্তাব আলী ১৫ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। গতমাসে ৭-৮ মাসের বকেয়া কিস্তিসহ প্রায় ২ লাখ টাকা জমা দিয়েছিলেন। তার কাছ থেকে এখনও ১২-১৩ লক্ষ টাকা পাওনা রয়েছে ব্যাংকের বলে জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, অধ্যক্ষ মোস্তাব আলী ঋণগ্রস্ত ছিলেন। এছাড়াও তিনি মার্চ মাসের ২ তারিখে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
ওসি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
