এইমাত্র পাওয়া

বিয়ে প্রত্যাখ্যান: ছাত্রীকে কুপিয়ে মারলেন মাদরাসা শিক্ষক

গাজীপুরঃ বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গাজীপুরে বাসায় ঢুকে কলেজছাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে গৃহশিক্ষকের বিরুদ্ধে। বাধা দিলে মা ও বোনসহ কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক সাইদুল। হত্যায় ব্যবহৃত রক্তাক্ত ছুরি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতে (৮ মে) গাজীপুরের সালনা এলাকায় এ ঘটনা ঘটে। তবে মঙ্গলবার (৯ মে) বিষয়টি জানাজানি হয়।

শিক্ষক সাইদুল ময়মনসিংহের মুক্তাগাছা থানার মহেশতারা গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি দক্ষিণ সালনা এলাকার একটি মাদ্রাসার শিক্ষক, পাশাপাশি একটি মসজিদে নামাজ পড়াতেন।

নিহত শিক্ষার্থী রাবেয়া আক্তার গাজীপুরের দক্ষিণ সালনা এলাকার আবদুর রউফের মেয়ে। তিনি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনার শ্রীমতি।

এ ঘটনায় নিহত ছাত্রীর বাবা গাজীপুর সদর থানায় একটি মামলা করেছেন।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, আবদুর রউফের ছোট দুই মেয়েকে বাসায় এসে কোরআন শরীফ পড়াতেন অভিযুক্ত সাইদুল। তিনি রাবেয়াকে বিয়ের প্রস্তাব দেন। তবে সে প্রস্তাব প্রত্যাখ্যত হয়। তবু সাইদুল বিভিন্নভাবে রাবেয়াকে বিয়ের জন্য রাজি করাতে চেষ্টা করেন। একপর্যায়ে সাইদুলকে বাসায় এসে পড়ানোর জন্য নিষেধ করা হয়।

এর জের ধরে সাইদুল সোমবার রাত আটটার পর রাবেয়াদের বাসায় প্রবেশ করে রাবেয়াকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে। এসময় রাবেয়ার মা ও বোনেরা এগিয়ে এলে তাদেরও ছুরিকাঘাত করে সাইদুল। গুরুতর অবস্থায় রাবেয়াকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন রাবেয়ার মা। এ ঘটনায় পুলিশ মঙ্গলবার হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম ছুরি উদ্ধারের তথ্য জানিয়ে বলেন, নিহত ছাত্রীর বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। আসামি সাইদুলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৫/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.