নিজস্ব প্রতিবেদক।।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রোববার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হয়। এর মাঝে পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তার ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে এই বার্তা পাঠান ‘আয়নাবাজি’খ্যাত এই শিল্পী।
লেখার শুরুতে চঞ্চল চৌধুরী বলেন— ‘২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। আমাদের যে সকল সন্তান এবার মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করছে, তাদের সবার জন্য শুভ কামনা। আর যারা অভিভাবক তাদের জন্য দুটি কথা।’
অভিভাবকদের উদ্দেশ্যে চঞ্চল চৌধুরী বলেন, ‘আমরা কেউ-ই মনে হয় এত ভালো স্টুডেন্ট ছিলাম না বা এসব পরীক্ষায় এত ভালো রেজাল্ট করিনি, যাতে সবাই তাদের সন্তানের কাছ থেকে গোল্ডেন জিপিএ আশা করতে পারি। হয়তো অনেক কষ্ট করে ওদের জন্য চেষ্টা করেছেন। আমাদের সকল সন্তানের মেধা সমান নয়। যে যার মেধা আর চর্চা অনুযায়ী ফলাফল করবে। পারলে ওদের মেধার ওপর আস্থা রেখে, মানসিকভাবে সাপোর্ট দিন। কেউ একটি পরীক্ষায় একটু খারাপ করলে, পরের পরীক্ষায় যেন ভালো করতে পারে সেই সহযোগিতা করুন।’
শুধু একাডেমিক ফলাফল নয়, মানুষ হওয়া জরুরি। তা উল্লেখ করে চঞ্চল চৌধুরী বলেন, ‘দয়া করে একটা কথা মনে রাখবেন শুধু একাডেমিক ভালো রেজাল্টই শেষ কথা নয়, তা দিয়ে পরিপূর্ণ মানুষও হওয়া যায় না। বরং সন্তানের আদর্শিক জায়গাটা ঠিক করে দিন এটা অভিভাবক হিসেবে সবার প্রধান দায়িত্ব। আমার মনে হয় দেশে মেধাবী মানুষের চেয়ে সৎ মানুষের প্রয়োজন বেশি।’
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ‘কারাগার’খ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘আমাদের সন্তানদের বলছি, সারা বছর যাই করে থাকো না কেন, এই কটা দিন ফাঁকি না দিয়ে মনোযোগী হয়ে পরীক্ষাটা দাও। কারণ সব ভালো তার, শেষ ভালো যার। শুধু বাবা-মায়ের জন্য নয়, জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে পড়ালেখার প্রয়োজন আছে, শিক্ষিত হওয়ার দরকার আছে। ঠান্ডা মাথায় পরীক্ষাটা শেষ করো, দেখবে ভালো কিছুই তোমাদের জন্য অপেক্ষা করছে। আবারো শুভ কামনা।’
লেখার শেষাংশে অভিভাবকদের চঞ্চল চৌধুরী বলেন, ‘শেষবারের মতো অভিভাবকদের বলছি, পরীক্ষার টেনশনে ওদের মাথা গরম হলেও আপনি আপনার মাথাটা ঠান্ডা রাখুন। গরম মাথায় ভালো কিছু হয় না। বি. দ্র. দীর্ঘদিন শিক্ষকতা পেশায় ছিলাম তো, তাই একটু মাস্টারি করলাম আর কি!’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
