এইমাত্র পাওয়া

মনের আনন্দে পরীক্ষার হলে যাও, আত্মবিশ্বাস রাখো

লে. কর্নেল মো. আবু সাঈদ, পিএইচডি, এইসিঃ প্রিয় এসএসসি পরীক্ষার্থী, আমার ভালোবাসা ও শুভেচ্ছা নিও। তোমাদের পরীক্ষা আসন্ন। তাই তোমাদের জন্য আমি কিছু দিক-নির্দেশনা দিচ্ছি যা তোমাদের কাজে আসবে। এসময় পড়ালেখা ছাড়া অন্য কোনোদিকে মন দেয়া যাবে না। অপ্রয়োজনে মোবাইল, টেলিভিশন, ভিডিও গেমস এবং ফেসবুক ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে সুস্থ্ থাকতে হবে এবং নিয়মিত পড়াশোনার পাশাপাশি পর্যাপ্ত বিশ্রামে থাকতে হবে। বিষয়ভিত্তিক পড়াগুলো নিজের মতো করে সাজিয়ে নিতে হবে এবং আত্মবিশ্বাসী হতে হবে। যেহেতু তোমাদের পরীক্ষা আসন্ন সেহেতু পরীক্ষার শেষ মুহূর্তে এসে তোমাকে কিছু বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে।

তোমার বিষয়ভিত্তিক যে পরীক্ষাগুলো হবে সেসব পরীক্ষা নিয়ে একটি পরিকল্পিত সময়সূচি তৈরি করে রিভিশন দেয়া আরম্ভ করো। পরীক্ষার খাতায় লেখা স্পষ্ট ও সুন্দর যেন হয় সেদিকে খেয়াল রাখবে। অযথা কাটাকাটি করবে না, কাটাকাটি হয়ে গেলে অবশ্যই এক টানে কেটে দিয়ে সঠিক বানানে বাক্যটি লিখবে। সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়মানুযায়ী প্রতিটি ধাপ সঠিকভাবে লিখবে। পরীক্ষার খাতায় অপ্রয়োজনীয় কোনো তথ্য লিখবে না। বাহুল্য দোষ বা বারবার একই শব্দ বা বাক্য লিখবে না। সকাল-দুপুর-বিকাল ও রাতে কীভাবে কী করবে তার একটি রুটিন তৈরি করে নেবে। ইদানিং তীব্র তাপপ্রবাহ জনজীবন অতিষ্ঠ করে ফেলছে। সেক্ষেত্রে এ সময়ে অযথা বাইরে বের না হওয়াটাই ভালো। শারীরিক সুস্থ্তার জন্য বেশি করে শাক-সবজি, দেশীয় ফল খাবে এবং প্রচুর পরিমাণে পানি পান করবে। রাতে ৬-৭ ঘণ্টা ঘুমাবে। অহেতুক রাত জেগে শরীর খারাপ করবে না।

প্রতিটি বিষয়ের পরীক্ষায় প্রশ্নের ধরণ এবং মান বুঝে উত্তর করবে। আমরা দেখতে পাই, পরীক্ষার শুরুর দিকের উত্তরে তোমরা তুলনামূলকভাবে বেশি সময় ব্যয় করো, যার ফলে শেষের দিকে উত্তর অনেক সময় বাকি থেকে যায়। এজন্য অবশ্যই প্রতিটি উত্তরের জন্য সময় বরাদ্দ করে নিতে হবে নিজেকেই। কখনোই মনে করবে না কোনো একটি প্রশ্নের উত্তর খুব বেশি সময় ধরে লিখলে বেশি নম্বর পাওয়া যাবে; ভালো নম্বর তুলতে হলে সববিষয়ে এবং সময় সমতার দিকে সমান নজর দিতে হবে। সুন্দর উপস্থাপনে উত্তর ছোট হলেও ভালো নম্বর পাওয়া যায়। ভালো ফলাফল তোমার ওপরেই নির্ভর করবে। কোথায় কোথায় তোমার দুর্বলতা আছে তা চিহ্নিত করে শুধরে নাও এখনই। এখন তোমাদের কাজ হবে শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ করা।

ওপরের বিষয়গুলো মাথায় রেখে প্রতিদিন নিজের কাছেই নিজে একটি ডেমো পরীক্ষা দাও। কম নম্বর পেলে আবার চেষ্টা করো, দেখবে এক সময় তোমার আত্মবিশ্বাস বাড়বে। আত্মবিশ্বাসীরা পরীক্ষায় ভালো ফল লাভ করে। এ জন্য যথাযথ প্রস্তুতি শেষে প্রতিটি পরীক্ষার আগে ঠিক সময় বাসা থেকে বের হবে, যাতে ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার হলে পৌঁছাতে পারো। পরীক্ষার খাতায় রেজিষ্ট্রেশন ও রোল নম্বর, সেন্টার এবং পরীক্ষার বিষয়ের কোড, প্রশ্নপত্রের সেট কোড সঠিকভাবে এবং ধীরস্থিরভাবে পূরণ করবে। তাড়াহুড়ো করে ভুল করা কাম্য নয়। মূল প্রবেশপত্র ও আনুষঙ্গিক বিষয়গুলো স্বচ্ছ ব্যাগে নিয়ে আসবে এবং প্রবেশপত্রের ফটোকপি অবশ্যই বাসায় রাখবে। প্রবেশপত্র ও পরীক্ষার সময়সূচীর বিশেষ নির্দেশাবলি একবার অন্তত পড়ে নেবে। মনের আনন্দে পরীক্ষা হলে যাও, আত্মবিশ্বাস রাখো-তাতেই তুমি সেরা ফল লাভ করবে। সৃষ্টিকর্তার ওপর পূর্ণ আস্থা রাখবে। তোমাদের সবার জন্য শুভ কামনা রইল।

লেখক: অধ্যক্ষ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, পিলখানা, ঢাকা

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৪/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.