বেতনবৈষম্য নিরসনের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলনে করছেন। প্রধান শিক্ষকদের জন্য দশম গ্রেড এবং সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেডের দাবিতে আন্দোলন করছেন তারা। আগামী ১৩ নভেম্বরের মধ্যে দাবি মানার সুনির্দিষ্ট আশ্বাস না পেলে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা বর্জন করার হুমকিও দিয়েছেন শিক্ষকরা। ১৭ নভেম্বর থেকে শুরু হয়ে পিইসি পরীক্ষা চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। এতে অংশ নেবে প্রায় ৩০ লাখ শিশু।
তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, প্রধান শিক্ষকদের দশম গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবি তাদের পক্ষে এখনই পূরণ করা সম্ভব নয়। এর আগে প্রধান শিক্ষকদের জন্য দশম গ্রেড এবং সহকারী শিক্ষকদের জন্য ১২তম গ্রেডের প্রস্তাব করা হয়েছিল অর্থ মন্ত্রণালয়ে; কিন্তু সেই প্রস্তাবে সম্মতি মেলেনি। তাই অর্থ মন্ত্রণালয়ে নতুন প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘শিক্ষকদের ব্যাপারে আমরা সব সময়ই আন্তরিক। তাদের সঙ্গে আলোচনার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে মাঠ পর্যায় থেকে যে তথ্য পেয়েছি, তাতে সব শিক্ষক এই আন্দোলনের সঙ্গে নেই। তাই সমাপনী পরীক্ষা বর্জনের হুমকিকে আমরা হুমকি মনে করছি না।’
জানা যায়, সরকারি প্রাথমিকের প্রধান শিক্ষক পদ দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হওয়ায় তারা দশম গ্রেডে বেতন পেতে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন। আদালত শিক্ষকদের পক্ষে রায় দিয়েছেন।
মন্ত্রণালয় বলছে, আদালতের আদেশ তারা মানতে বাধ্য। তবে এই রায়ের বিষয়ে আপিল করা হবে। এরপর আদালতের রায় অনুযায়ীই বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রাথমিক শিক্ষায় কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি নিয়োগ বিধিমালা এবং শিক্ষকদের জন্য আরেকটি নিয়োগ বিধিমালা আছে। তবে দুটি বিধিমালা এক করে একটি বিধিমালা তৈরি করার কাজও করছে মন্ত্রণালয়। এতে শিক্ষকদের উচ্চপদে যাওয়ার সুযোগ রাখা হচ্ছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
