নিজস্ব প্রতিবেদক।।
কক্সবাজারের রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার কারণে ৪৫ জন ছাত্রছাত্রীর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। এসময় ভুক্তভোগী শিক্ষার্থীরা বিদ্যালয়ের দরজা-জানালাও ভাংচুর করতে উদ্যত হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির কারণে ফরম পূরণে ব্যাপক অনিয়ম, রেজিস্ট্রেশনে ভুলের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ ইমরান, মারোয়ান, সরওয়ার কামাল ও সুপ্রিয়া দেবী জানান, করোনার সময়ে বিদ্যালয় বন্ধ থাকায় অষ্টম শ্রেণিতে তাদের রেজিস্ট্রেশন করা হয়নি। স্কুল খোলার পর প্রধান শিক্ষক ও অফিস সহকারী রেজিস্ট্রেশন করে দেওয়ার আশ্বাসে তাদের কাছ থেকে খরচ ও রেজিস্ট্রেশন ফি বাবদ টাকা নেন। ওই সময় বার্ষিক পরীক্ষায় অংশ নিয়ে তারা নবম শ্রেণিতে ভর্তি হন। পরে তারা নবম শ্রেণির রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানালে প্রধান শিক্ষক ও অফিস সহকারী তাদের অষ্টম ও নবম শ্রেণির রেজিস্ট্রেশন একসঙ্গে করে দেওয়ার আশ্বাস দেন। এমন আশ্বাসে লেখাপড়া করে তারা দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়।
তারা জানান, আগামী রোববার তাদের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। কিন্তু শেষ মুহূর্তে এসেও বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র দিতে পারেনি। ফলে তাদের এসএসসি পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এমনকি এবার এসএসসি পরীক্ষা দিতে না পারলে তাদের আবারো অষ্টম শ্রেণি থেকে পড়ালেখা শুরু করতে হবে। অর্থাৎ তাদের শিক্ষাজীবন ৩-৪ বছর পিছিয়ে যাবে। তাদের মতো অভিভাবকরাও এটা কিছুতে মেনে নিতে পারছে না।
এ ঘটনায় তারা গত ২৫ এপ্রিল কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু এখনো কোনো সমাধানের লক্ষণ দেখছেন না শিক্ষার্থীরা।
এসএসসি পরীক্ষার্থী রয়েছ উদ্দিন জানান, তিনি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। কিন্তু রেজিস্ট্রেশন কার্ডে তার বিভাগ উল্লেখ করা হয়েছে বাণিজ্য। বিদ্যালয় কর্তৃপক্ষকে এ নিয়ে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও তা সংশোধন করা হয়নি। এছাড়া একদিন পর এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে, কিন্তু তার প্রবেশপত্র বিদ্যালয় কর্তৃপক্ষ দিতে পারছে না।
এদিকে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুলপ্রাঙ্গণ ও রামু চৌমুহনী স্টেশনে সড়ক অবরোধ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অফিস সহকারীর শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে। এ সময় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে রামু থানার ওসি আনোয়ারুল হোসাইনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যান। এ সময় ওসি বিক্ষোভরত শিক্ষার্থীদের সন্ধ্যায় ইউএনওসহ বৈঠক করে সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থী-অভিভাবকরা সড়ক থেকে সরে যান।
এ ব্যাপারে মোবাইল ফোনে জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর আহমদ জানান, সব শিক্ষকদের সঙ্গে আলাপ করে পাশ করার উপযোগী শিক্ষার্থীদের ফরম পূরণ করার সুযোগ দেওয়া হয়েছে। কিছু অনিয়ম ও ভুলের জন্য তিনি বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুল আলম ও অফিস সহকারী অনু বড়ুয়ার গাফিলতি ছিল বলে জানান তিনি।
রামু উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফাহমিদা মুস্তফা জানান, বিষয়টি সমাধানের জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করা হচ্ছে। পাশাপাশি শিক্ষাবোর্ডের সঙ্গে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করা হচ্ছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
