শিক্ষক হিসেবে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিল গেটসের পূর্বাভাস

সম্প্রতি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, আগামী কয়েক বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা যেকোনো মানুষের মতোই একজন ভালো শিক্ষক হয়ে উঠবে। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা শিশুদের পড়তে ও লিখতে শেখাবে। আগামী দেড় বছরের মধ্যেই এ পর্যায়ে চলে আসবে কৃত্রিম বুদ্ধিমত্তার স্তর।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সান দিয়াগো শহরে ডিজিটাল শিক্ষাবিষয়ক এক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বিল গেটস। বিল গেটসের ওই বক্তৃব্যের প্রতিলিপি তার ওয়েবসাইট ‘গেটস নোটসে’ প্রকাশিত হয়েছে।

তাতে বিল গেটস বলেন, আগামী ১৮ মাসের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষকের সহকারী হিসেবে ও লেখার ক্ষেত্রে মতামত দেওয়ার কাজে ব্যবহার হতে দেখা যাবে। এরপর গণিতের ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়তে দেখা যাবে। গণিতের বাধা দূর করতে সামগ্রিক ব্যবস্থায় কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা মানানসই হতে পারে এবং শিক্ষকেরা কীভাবে এর সঙ্গে মানিয়ে নিতে পারেন, সে বিষয়টি দেখা হবে।

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই চ্যাটজিপিটি ও গুগল বার্ড তৈরি করেছে। কৃত্রিম বুদ্ধির এসব প্রোগ্রাম এখন মানুষের বুদ্ধির সঙ্গে কিছু ক্ষেত্রে প্রতিযোগিতা করছে। বিল গেটস বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবটগুলো ব্যবহারে খরচ লাগতে পারে। তবে শিক্ষকের পেছনে প্রচলিত ব্যয়ের তুলনায় কৃত্রিম বুদ্ধিমত্তার শিক্ষকের খরচ কম হবে।

বিল গেটস আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ছাড়াও শিক্ষাপ্রযুক্তির উন্নতি নিয়ে আমি আশাবাদী। বিল গেটস গত মাসেও এক ব্লগ পোস্টে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অগ্রগতি বলে উল্লেখ করেন। তিনি ওপেনএআইয়ের জিপিটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে বৈপ্লবিক উদ্ভাবন হিসেবে মন্তব্য করেন।

বিল গেটস’র মতে, কর্মশক্তি, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে রূপান্তর ঘটাতে সক্ষম হবে এআই। এর আগে তিনি বলেছিলেন, শিক্ষার্থীদের শেখার শৈলী অনুসারে তৈরি বিষয়বস্তু সরবরাহ করে শিক্ষাকে রূপান্তর করতে সক্ষম হবে কৃত্রিম বুদ্ধিমত্তা। সূত্র: সিএনবিসি

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৪/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.