এইমাত্র পাওয়া

৬ বছরের শিশুকে ধর্ষণ, লাখ টাকায় দফারফা

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুরঃ জেলার চিরিরবন্দরে প্রথম শ্রেণিতে পড়ুয়া ৬ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই শিশুর পরিবারের হাতে ১ লাখ টাকা দিয়ে স্থানীয় ইউপি সদস্যসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ইসবপুর ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আইয়ুব হোসেনের দোকানঘরে।

ওই শিশুর নানি জানান, গত ৮ই এপ্রিল সকাল ৬টায় তার প্রথম শ্রেণিতে পড়ুয়া ৬ বছরের নাতনি বাড়ি ও স্কুলের পাশে দোকানের সামনে সুপারি কুড়াতে গেলে একই এলাকার আইয়ুব আলীর ছেলে দোকানদার লম্পট জাহিদুল ইসলাম (৩৫) তার মুখ চেপে ধরে দোকানের ভেতরের গোপন ঘরে নিয়ে গিয়ে অঘটন ঘটায়। সন্ধ্যার পর তার চোখ মুখ ফুলে গিয়ে অসুস্থ হয়ে পড়ে ও পরদিন সকালে প্রসাব বন্ধ হয়ে গেলে শিশুটি তার নানিকে সব খুলে বলে। তখন নানি শিশু নাতনিকে নিয়ে ওই দোকানে ও দোকান মালিকের বাড়িতে গেলে অভিযুক্তরা বকাবকি করে তাদেরকে তাড়িয়ে দেয়। পরবর্তীতে ইউপি সদস্যের বাড়িতে গিয়ে বিষয়টি জানালে রাতে ইউপি সদস্যসহ অভিযুক্তরা মীমাংসার প্রস্তাব দেয়। রাতেই ইউপি সদস্য নজরুল ইসলাম, স্থানীয় যুবক জাহাঙ্গীর আলম টুটুল, মমিনুল ইসলাম, ফরহাদসহ কয়েকজন ১ লাখ ২৫ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করে এবং তাকে ১ লাখ টাকা দেয়।

শিশুটির মা জানান, তিনি স্বামী পরিত্যক্তা হওয়ায় বাবার বাড়িতেই থাকেন। মেয়েটির বাবা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। এ ঘটনায় এলাকার কয়েকজন আপস করে দিছে। তিনি বলেন ‘মেয়ের ভবিষ্যতের কথা বলে ১ লাখ টাকা হামাক জোর করি দিছে এবং সাদা কাগজত ও স্ট্যাম্পত সই নিছে।’ আপসনামা কার কাছে আছে জানতে চাইলে তারা জানান, টুটুল নামে একজনের কাছে আপসনামাটি আছে।

স্থানীয় এলাকাবাসীর অনেকেই জানান, শিশুটি এখনো অসুস্থ। ঘটনাটি ধামাচাপা দিতে একটি প্রভাবশালী মহল ব্যাপক তৎপরতা চালাচ্ছে।

এ ব্যাপারে অভিযুক্ত জাহিদুলের ছোট ভাই মানিক হোসেন জানান, ঘটনাটি স্থানীয়ভাবে উভয়পক্ষের মধ্যে মিটমাট হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন জানান, কেউ অভিযোগ করেনি। তবে স্থানীয়ভাবে মীমাংসার কথা শুনেছি।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ জানান, এ ধরনের কোনো অভিযোগ থানায় এখনো পর্যন্ত আসেনি। অভিযোগ পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা নেয়া হবে। তথাপিও বিট অফিসারের মাধ্যমে খোঁজখবর নেয়া হচ্ছে। ধর্ষণজনিত কোনো ঘটনা স্থানীয়ভাবে আপস-মীমাংসার কোনো সুযোগ নেই।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৪/২০২৩         

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.