নিউজ ডেস্ক।।
রাজধানী ঢাকাসহ সারা দেশে তীব্র তাপদাহ। আকাশে মেঘ নেই, পাশাপাশি বাতাসে আর্দ্রতা কমে গেছে। এতে বাড়ছে গরমের তীব্রতা। তীব্র গরমে বিপর্যস্ত হচ্ছে জনজীবন। জরুরি প্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন, তারা পড়ছেন বেশ অস্বস্তিতে। রোদ এবং গরমের তীব্রতার সঙ্গে বাড়ছে মানুষের বিভিন্ন রোগ এবং স্বাস্থ্য ঝুঁকি। সকল প্রকার চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতে বৃষ্টির জন্য ইস্তিখারার নামাজ পড়ার মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ আইম্মাহ পরিষদ।
রোববার (১৬ এপ্রিল) এক বিবৃতিতে বাংলাদেশ আইম্মাহ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মুহিউদ্দিন রাব্বানী এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। তাপপ্রবাহে রোজাদারদের কষ্টও বেড়েছে। রোগ-বালাইয়ের ঝুঁকি বেড়েছে। তাপদাহে আমের গুটি, ধানের শিষ ঝরে যাচ্ছে। সবজি ক্ষেতসহ সকল প্রকার চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হাসপাতালে শিশু রোগীর সংখ্যাও প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। উদ্ভুত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের আল্লাহমুখী হতে হবে। রাসূল (সা.) অনাবৃষ্টি ও তাপদাহে সম্মিলিতভাবে ইস্তেখারার নামাজ আদায় করতেন। রাসুল (সা.) বৃষ্টির নামাজ পড়ার রীতি অনুসরণ করে ‘সালাতুল ইস্তিখারার’ আদায়ের জন্য সারাদেশের খতীব ও ইমামদের নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছি।
মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, ‘আল্লাহর নিকট সকলের তওবা এবং ক্ষমা চাওয়া উচিত। মহানবী (সা.)-এর সুন্নত পালনের মাধ্যমে মহান আল্লাহর কাছে প্রয়োজন প্রকাশ করার জন্য সামর্থবান পুরুষরা এই সালাত আদায় করবেন। আল্লাহ দেশ ও জাতিকে তীব্র গরমের তাপদাহ থেকে হেফাজত করুন।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
