বালিয়াকান্দিতে প্রধান শিক্ষক আব্দুস সালামকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণে অনিয়ম ও প্রতারণা করায় রাজবাড়ীর বালিয়াকান্দির এক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

উপজেলার জামালপুরের নটাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামকে এ নোটিশ দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা। বুধবার বালিয়াকান্দির ইউএনওর মৌখিক নির্দেশে নোটিশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। আগামী সাত কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে হবে প্রধান শিক্ষককে।

জানা যায়, প্রধানমন্ত্রী বিজ্ঞান বিভাগের নবম ও দশম শ্রেণির প্রথম মেধাবী তিনজনকে ট্যাব উপহার দেন। এরই ধারাবাহিকতায় সোমবার বালিয়াকান্দির ৩১টি মাধ্যমিক পর্যায়ের ১৯২ জন শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। সেই নিয়ম অনুযায়ী ট্যাব পাওয়ার কথা নটাপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ২ রোল নম্বর শিক্ষার্থী সাদিয়া খাতুনের। কিন্তু তার নাম তালিকাভুক্ত না করে প্রধান শিক্ষক মানবিক বিভাগের ১ রোল পূর্ণিমা বিশ্বাসের নাম তালিকাভুক্ত করে ট্যাব দেন।

এই অনিয়মের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এলে তুমুল সমালোচনা শুরু হয়। বিষয়টি ইউএনওর দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে তিনি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ওই প্রধান শিক্ষককে শোকজ করতে বলেন এবং মেধাবী শিক্ষার্থী সাদিয়া খাতুনকে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব দ্রুত সময়ের মধ্যে তার হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন।

সাদিয়া খাতুন জানায়, প্রধান শিক্ষক কয়েক দিন আগে তার ফোন নাম্বার নিয়েছিলেন। কিন্তু সোমবার সবাইকে ট্যাব দিলেও তাকে দেওয়া হয়নি। পরে জানতে পারে ট্যাবটি মানবিক বিভাগের শিক্ষার্থী পূর্ণিমাকে দেওয়া হয়েছে। কিন্তু নিয়ম হলো ট্যাব পাবে বিজ্ঞান বিভাগের প্রথম তিনজন।

এ ব্যাপারে প্রধান শিক্ষক আব্দুস সালামের মোবাইল ফোনে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি। পরে খুদেবার্তা দিলেও সাড়া মেলেনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা বলেন, প্রধান শিক্ষককে সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব না দিলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ট্যাবটি দ্রুত ফেরত এনে সাদিয়াকে বুঝিয়ে দিতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে তাঁরা কাজ শুরু করেছেন।

ইউএনও রফিকুল ইসলাম বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৪/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.