নিজস্ব প্রতিবেদক।।
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সরকারি বা জাতীয়করণ হওয়া ১০০ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ প্রক্রিয়া চূড়ান্ত হতে যাচ্ছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৪ হাজার ৭৯৫টি পদ সৃষ্টি করতে যাচ্ছে সরকার।
আজ বুধবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির বৈঠক হওয়ার কথা। সেখানে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে এ প্রস্তাব উপস্থাপন করা হতে পারে।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী দেশের ৩০২টি বেসরকারি কলেজ ২০১৬ সালের ১৭ জুন সরকারীকরণ হয়। একই বছরের ৩০ জুন এসব কলেজের নিয়োগ ও অর্থ ব্যয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এরপর পর্যায়ক্রমে সব কলেজের শিক্ষক-কর্মচারী ও প্রতিষ্ঠানের মূল কাগজপত্র যাচাই-বাছাই শুরু হয়।
যাচাই-বাছাই শেষে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সম্মতি নেওয়াসহ সব ধরনের প্রক্রিয়া শেষে প্রথম দফায় ১০০টি কলেজের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ প্রস্তাবের সার-সংক্ষেপ প্রস্তুত করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এসব কলেজ সরকারীকরণের আগে কর্মরত শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণের জন্য ৪ হাজার ৭৯৫টি পদ সৃষ্টির প্রস্তাব রয়েছে তাতে।
সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ সরকারি কলেজশিক্ষক ফোরামের (বাসকশিফো) সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সচিব কমিটি অনুমোদনের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এত দিনের ভোগান্তি দূর হবে বলে আমার বিশ্বাস। বাকি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের দ্রুত আত্তীকরণের ব্যবস্থা নিতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ রইল।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৪/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
