সরকারি কর্মচারীদের আর্থিক সুবিধা বাড়াচ্ছে সরকার!

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ সরকারি কর্মচারীদের কিছু আর্থিক সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। ২০২৩-২৪ অর্থবছরের বাজেটেই কয়েকটি গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা ও সন্তানদের শিক্ষা সহায়ক ভাতার পরিমাণ বাড়ানো হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদকে জানিয়েছিলেন, সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বা মহার্ঘ ভাতা দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের আপাতত নেই। তবে করোনা পরবর্তী মন্দা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ বছর সরকারি চাকুরেদের কিছু আর্থিক সুবিধা দেওয়ার কথা বিবেচনায় নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সূত্র বলছে, জানুয়ারিতে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে জেলা প্রশাসকদের প্রস্তাব আমলে নিয়ে সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতা, ১১ থেকে ২০ গ্রেডভুক্ত কর্মচারীদের টিফিন ভাতা এবং সন্তানদের শিক্ষা সহায়ক ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সূত্র আরও বলছে, ইতোমধ্যেই জেলা প্রশাসক সম্মেলনে উঠে আসা এসব প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অর্থ বিভাগকে নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। অর্থ বিভাগ এ লক্ষ্যে কাজ করছে।

এ প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম গণমাধ্যমকে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সব সময়ই দেশের সর্বস্তরের মানুষের কথা ভাবেন। সরকারি কর্মকর্তা কর্মচারীরাও এর বাইরে নন। তাই তিনি অবশ্যই একটি ভালো সংবাদ দেবেন, এমন প্রত্যাশা আমরা করতেই পারি।

তিনি আরও বলেন, জেলা প্রশাসক সম্মেলনে প্রস্তাবিত বিষয়গুলো সরকারের সংশ্লিষ্ট মহল পরীক্ষা-নিরীক্ষা করছে। যেটি ভালো হয় সেটির ঘোষণা আমরা সময় মতোই পাবো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.