নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ জেলার সীতাকুণ্ড কলেজ রোডে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের একজন সুভাষ চন্দ্র নাথ। তিনি উপজেলার বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক। গত বছরের ডিসেম্বর মাসে শিক্ষকতা থেকে অবসর নেন তিনি। এরপর প্রভিডেন্ট ফান্ডের জমানো টাকা এবং সারা জীবনের অবশিষ্ট সঞ্চয় মিলিয়ে ২০ লাখ টাকার শিক্ষাসামগ্রী তোলেন দোকানে। কিন্তু আজ সকালের আগুনে তার সারা জীবনের সঞ্চয় পুড়ে ছাই হয়ে যায়।
দুপুর ১টার দিকে ঘটনাস্থলে গেলে দেখা যায় লাইব্রেরির সামনে পুড়ে যাওয়া বই পুস্তকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন তিনি। এ সময় জানতে চাইলে তিনি বলেন, শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর ইচ্ছা ছিল মনোযোগ দিয়ে লাইব্রেরির ব্যবসা করব। এ জন্য সারা জীবনের জমানো টাকা এবং এক আত্মীয়ের কাছ থেকে আরও ৭ লাখ টাকা ধার করে ২০ লাখ টাকার শিক্ষাসামগ্রী উঠিয়েছিলাম জানুয়ারির ১ তারিখ। সীতাকুণ্ডে চলমান মেলার ঝামেলার জন্য শিক্ষাসামগ্রী খুব একটা বিক্রি হয়নি। তাই দোকানে ওঠানো মালামালের বেশির ভাগই দোকানে রয়ে গিয়েছিল। আজ সকালের আগুনে আমার সারা জীবনের সঞ্চয় পুড়ে শেষ হয়ে গেল। আমার ছেলের লেখাপড়ার খরচ আমার সংসার খরচ কিভাবে চালাব।
প্রসঙ্গত, সীতাকুণ্ড পৌর সদরের কলেজ রোডে আজ রবিবার সকালে অগ্নিকাণ্ডে ১১টি দোকান ও সাতটি গোডাউন সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত দেড় কোটি টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকানদার এবং স্থানীয় কাউন্সিলর দাবি করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/০২/২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
