স্কুল মাঠে নির্মাণসামগ্রী, ভোগান্তিতে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, নাটোরঃ জেলার গুরুদাসপুরের সোনাবাজু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফেলে রাখা হয়েছে রাস্তার নির্মাণসামগ্রী। বালুমিশ্রিত পাথর, বালু ও পাথরের খোয়া রাখায় ভোগান্তিতে পড়েছে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা। এ ছাড়া পরিবেশ নষ্ট হচ্ছে বলেও অভিযোগ করেছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে এসব সামগ্রী ফেলে রাখায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী জানান, এক মাসের বেশি সময় ধরে বিদ্যালয় মাঠে নির্মাণসামগ্রী ফেলে রেখেছেন নাটোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পিংকি কনস্ট্রাকশন। এতে মাঠজুড়ে ছড়িয়ে পড়েছে পাথরের টুকরা। ফলে শিক্ষার্থীদের খেলাধুলা ও শরীর চর্চা ব্যাহত হচ্ছে। বিদ্যালয় মাঠের বালু ও পাথরের ধুলোয় পড়াশোনার পরিবেশ বিনষ্ট হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী সংশ্লিষ্ট ঠিকাদারকে অসংখ্যবার নির্মাণসামগ্রী সরিয়ে নিতে বললেও তা আমলে নিচ্ছেন না। এতে চরম ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা। তাই এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, স্কুল মাঠে নির্মাণসামগ্রী রাখতে নিষেধ করা হয়েছিল। বাধাও দিয়েছি। কিন্তু তারা তা মানেননি। বালু ও পাথরের কারণে শিক্ষার্থীসহ আমাদেরকেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

উপজেলা প্রকৌশলী মো. মিলন মিয়া বলেন, সোনাবাজু থেকে নাজিরপুর অভিমুখী ৬ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য বিদ্যালয়ের মাঠে নির্মাণসামগ্রী রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ঠিকাদারকে সেগুলো সরিয়ে নিতে বলা হয়েছে।

ঠিকাদার জেমস জানান, রাস্তা সংস্কার সরকারি কাজ। জায়গা না পাওয়ায় নির্মাণসামগ্রী ওই বিদ্যালয় মাঠে রাখা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে কাজ স্থগিত রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় বলেন, সমস্যা সমাধান করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ করতে নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনা না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০২/২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.